ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালে বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। বহু রোগী ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
পুলিশ বলছে, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের একটি ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চারটি তলায় ছড়িয়ে পড়ে। পুরো হাসপাতালে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “৪০টি মরদেহ এসএসকেএম হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী জাভেদ খান ও কলকাতার পুলিশ কমিশনার আর কে পঁচানন্দও সকালেই ঘটনাস্থলে ছুটে যান। এ অগ্নিকাণ্ডে ফিরহাদ হাকিমের চাচাও মারা গেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
দমকলের ২৫টি ইউনিট ৬ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। হাসপাতালে ঢোকার পথ সংকীর্ণ হওয়ায় অসুবিধার মুখে পড়তে হয় তাদের।
দমকল মন্ত্রী জাভেদ খান স্থানীয় সময় সকাল ১০টার দিকে সাংবাদিকদের বলেন, “ভবনের ওপরের দিকের আগুন নিয়ন্ত্রণে আসলেও বেজমেন্টে এখনো আগুন আছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেজমেন্ট আগুন লাগার পর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ধোঁয়া অন্যান্য তলায় ছড়িয়ে যায়। ওই ভবনের ১৭০টি শয্যাতেই তখন রোগী ভর্তি ছিল।
খবর পেয়ে দমকলকর্মীরা মই বেয়ে উঠে ভবনের বাইরের কাচ ভেঙে কপিকলের সাহায্যে রোগীদের নিচে নামিয়ে আনতে শুরু করেন।
কলকাতা দমকল বিভাগের প্রধান গোপাল ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তারা ৫০ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়েছেন।
তবে কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের খবরে দেখা যায়, কয়েকজন রোগী হাসপাতাল ভবনের জানালা দিয়ে সাদা পতাকা উড়িয়ে সাহায্য চাইছেন। আরেকটি জানালা বেয়ে এক রোগীকে নেমে আসার চেষ্টা করতে দেখা যায়, যার হাতের সঙ্গে তখনো স্যালাইনের বোতল বাঁধা ছিল।
দমকল কর্তৃপক্ষ এখনো আগুন লাগার কারণ জানাতে না পারলেও ফিরহাদ হাকিম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, হাসপাতালের বেজমেন্টে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। গ্যারেজের সঙ্গেই এসব রাখা হয়েছিল। ফলে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এদিকে হাসপাতালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ভোরেই সেখানে বহু মানুষের ভিড় জমে যায়। হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনরা এ অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালান।
এর আগে ২০০৮ সালেও একবার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার এই হাসপাতালে। ওই অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১৫৫ ঘ.
bdnews24