সৈয়দ তালাত কামাল
ডারবান থেকে
ডারবান, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডারবান সম্মেলনে কোনো ধরনের মতৈক্যের আভাস না মেলায় গ্রিসহাউস গ্যাস নিঃসরণ কমাতে প্রত্যেকটি দেশকে নিজেদের লক্ষ্য ঠিক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
গ্রিসহাউস গ্যাস নিঃসরণ কমানোর আইনি বাধ্যবাধকতার কিয়োটো প্রটোকলের মেয়াদ ২০১২ সালেই শেষ হচ্ছে।
তার আগে নতুন আরেকটি সনদ বা বর্তমান প্রটোকলের মেয়াদ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ চাপ দিয়ে এলেও যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের আপত্তির মুখে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। কার্বন নিঃসরণের দিক থেকে এই তিনটি দেশই শীর্ষে।
মেক্সিকোয় কানকুন জলবায়ু সম্মেলনে (কোপ-১৬) মতৈক্য না হওয়ায় সবাই চেয়ে ছিলো ডারবানে কোপ-১৭ এ দিকে। তবে কয়েকদিনব্যাপী আলোচনায়ও মতৈক্যের আভাস দেখা যাচ্ছে না।
এরই প্রেক্ষাপটে স্পষ্টতই হতাশ বান কি মুন বুধবার সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর উদ্দেশে বলেন, “কোনো প্রটোকলের জন্য আর অপেক্ষা করবেন না। এতে অনেক সময় যাবে। প্রত্যেক সদস্য রাষ্ট্রেরই নিজেদের কর্মপন্থা ঠিক করতে হবে।”
গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া ডারবান সম্মেলন চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ফলে আর এক দিনের মধ্যে কোনো সমঝোতা না হলে আগামী বছর কাতার সম্মেলনের জন্য অপেক্ষা করতে হবে।
এবারের সম্মেলনে কিয়োটো প্রটোকলের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হলেও তাতে মতৈক্য হওয়ার ইঙ্গিত এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন সম্মেলনের উদ্যোক্তা জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অব ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)- এর নির্বাহী সচিব ক্রিশ্চিয়ানা ফিগেরাস।
কিয়োটা প্রটোকলের মেয়াদ দ্বিতীয় দফা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন চাপ দিয়ে এলেও কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে এতে রাজি হয়নি।
ক্রিশ্চিয়ানা ফিগেরাস সম্মেলন চলাকালে গত সপ্তাহে জোর দিয়ে বলেছিলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে এখন তিনি বলছেন, যেহেতু চুক্তি করতে হলে ২০০টি রাষ্ট্রকে একমত হতে হবে, তাই তত সময়ের জন্য অপেক্ষা করাটা ঠিক হবে না।
“আমরা যদি এখনি কাজ শুরু করতে না পারি, তবে সরকারগুলো ঝুঁকি মোকাবেলায় ব্যর্থ হবে। আর যথাযথ পদক্ষেপ নেওয়ার আগেই সময় শেষ হয়ে যাবে,” হুঁশিয়ারি দেন ফিগেরাস।
পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য গ্রিনহাউজ গ্যাসকেই দায়ী করা হয়। গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ বেড়ে যাওয়ার ফল হিসেবে ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, খরা দেখা দিচ্ছে, পানিতে বাড়ছে লবণাক্ততা।
জাতিসংঘ ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে হলে ১৯৯০ যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো ২০২০ সাল নাগাদ তা ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ তা ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে।
গ্রিনহাউজ গ্যাস বেশি নির্গমনকারী তিনটি রাষ্ট্র ভারত, চীন ও যুক্তরাষ্ট্র নতুন বাধ্যবাধকতার আরোপের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্র“তি দিতে নারাজ।
তবে ভারত ও চীন কার্বন নিঃসরণে বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনার কথা জানালেও যুক্তরাষ্ট্র ২০২০ সালের মধ্যে নির্গমনের ক্ষেত্রে নতুন কোনো লক্ষ্য নির্ধারণের জোর বিরোধিতা করছে।
তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এক্ষেত্রে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে।
ফিনল্যান্ডের পরিবেশমন্ত্রী ভিলে নিনিস্টো বলেন, “আমরা কিয়োটো প্রটোকলের দ্বিতীয় দফা মেয়াদ চাই।”
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় কানকুন সম্মেলনে গঠিত তহবিল নিয়েও আলোচনা উঠেছে ডারবানে।
১০০ বিলিয়ন ডলারের এই তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সহায়তার কথা থাকলেও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্মকর্তা হেলেন ক্লার্ক বলেন, “স্বল্প আয়ের দেশগুলোর সক্ষমতার অভাব এবং সঠিক পরিবল্পনা না থাকায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অল্প কিছু অর্থ তাদের কাছে পৌঁছেছে।”
এই তহবিলের অর্থ ব্যবহারে দেশগুলোর সক্ষমতা অর্জনের ওপর জোর দিচ্ছেন তিনি। তবে সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে তহবিলের অর্থ ‘ন্যায্য ভাগের’ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো এখনো সহজ হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিকে/বিডি/আরআরডি/এমএমআর/এএইচএ/এমআই/২৩১০ ঘ.
bdnews24