ফ্রাঙ্কফুট, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপ নজিরবিহীন সঙ্কটজনক পরিস্থিতিতে পড়েছে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি।
ইউরোপে ‘ভাঙনোন্মুখ’ পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে সারকোজি বলেন, এতো বড় বিপদে ইউরোপ আগে কখনও পড়েনি।
ব্রাসেলসে ইইউ সম্মেলনে সমবেত নেতাদের উদ্দেশ্য এক ভাষণে সারকোজি কথাগুলো বলেন।
ইউরোজোনকে ঋণসঙ্কট থেকে উদ্ধারের উপায় খুঁজতে ইইউ নেতারা ব্রাসেলসে গুরুত্বপূর্ণ এ সম্মেলনে যোগ দিয়েছেন। আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চলবে সম্মেলনে।
বিশ্লেষকরা তাই এ সম্মেলনকে ইউরোজোনের দেশগুলোর বাঁচা-মরার আলোচনাসভা বলেই অভিহিত করেছেন।
এরই মাত্র কয়েকঘণ্টা আগে সারকোজি ইউরোর ভেঙে পড়া আর এর প্রভাবে ইউরোপেও মারাত্মক বিপর্যয় ঘনিয়ে আসার বিপদসঙ্কেত দিলেন।
তিনি বলেন, “ইউরোতে যে আস্থা তৈরি হওয়ার কথা তা হচ্ছে না। সময় আমাদের প্রতিকূল। আর তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে সময় খুব কম।”
“শুক্রবার কোনো চুক্তি না হলে দ্বিতীয়বারের মতো আর কিছু করার সুযোগ পাওয়া যাবে না।”
ফ্রান্সের ইউরোপ বিষয়কমন্ত্রী জ্য লিওনেত্তিও টেলিভিশনে সতর্ক করে বলেছেন, ইউরোপীয় একক মুদ্রা ইউরো ঝুঁকির মুখে।
“এর মানে হচ্ছে.... ইউরো ভেঙে পড়তে পারে। এমন হলে ইউরোপের অখণ্ডতা বিনষ্ট হয়ে শুধু এ অঞ্চলই নয় বরং গোটা বিশ্বেই মারাত্মক বিপর্যয় ঘটতে পারে।”
তবে এ আশঙ্কা নাকচ করেছেন ১৭-সদস্যের ইউরোজোনের অর্থমন্ত্রীদের চেয়ারম্যান।
ইউরো ঝুঁকির মুখে নেই জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্তে মুদ্রা বাজারে ইউরো চাঙ্গা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৪ঘ.
bdnews24