২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আল কায়েদায় জোরালো ভূমিকা ছিল না বিন লাদেনের’

মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হওয়ার আগে দীর্ঘ সময় ধরেই আল কায়েদার কোনো অভিযান পরিচালনায় ভূমিকা রাখেন নি ওসামা বিন লাদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হওয়ার আগে দীর্ঘ সময় ধরেই আল কায়েদার কোনো অভিযান পরিচালনায় ভূমিকা রাখেন নি ওসামা বিন লাদেন। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের এক সুরক্ষিত বাড়িতে মার্কিন নেভি সিল কমান্ডোদের অভিযানে নিহত হন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। ওই বাড়ি থেকে কম্পিউটার ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। ওই তথ্য পর্যালোচনাকারী এক মার্কিন বিশেষজ্ঞ বুধবার দাবি করেন, অ্যাবোটাবাদের ওই বাড়ি থেকে তথ্য-উপাত্ত সংরক্ষণযোগ্য প্রায় ২শ’ ডিভাইস জব্দ করে নিয়ে যায় মার্কিন কমান্ডোরা। কিন্তু সেগুলো ঘেঁটে আল কায়েদার মতো সংগঠন ব্যবস্থাপনায় তার অংশগ্রহণের তেমন জোড়ালো কোনো ভূমিকা পাওয়া যায় নি। সেখানে খুব সাধারণ কথাবার্তা ও ব্যক্তিগত কিছু লেখা পাওয়া গেছে। “আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে হবে” অথবা “সোমালিয়ার আল শেবাব কি বিশ্বস্ত?” ইত্যাদি মামুলি কথাবার্তা লেখা সংবলিত ফাইল পাওয়া গেছে বলে ওই বিশেষজ্ঞের বরাত দিয়ে দ্য ডন জানায়। আল কায়েদা সম্পর্কে আরো বেশকিছু কথাবার্তা থাকলেও সংগঠনটির অভিযান পরিচালনা সম্পর্কিত কোনো নির্দেশনামূলক তথ্য তার নোটবুকে পাওয়া যায়নি বলে দাবি করেন নামপ্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন বিশেষজ্ঞ। তথ্য ঘেঁটে পারিবারিক সাধারণ বিষয়াদিও পাওয়া গেছে। যেমন, তার এক মেয়ের বিয়ের জন্য তার এক স্ত্রীকে আরো বেশি উদ্যোগী হওয়ার ব্যাপারে কথাবার্তাও তাতে সংরক্ষিত ছিল। “নিরাপত্তাজনিত কারণে তাকে (বিন লাদেন) মাসে এক অথবা দুইবার মেসেজ পাঠানো হতো। এই অবস্থায় কি করে একটি সংগঠন পরিচালনা করা সম্ভব?” বলেন ওই বিশেষজ্ঞ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৩ ঘ.