নেপলস, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাটির অভ্যন্তরে সুরক্ষিত এক বাঙ্কার থেকে গ্রেপ্তার হলেন ইটালির শীর্ষ মাফিয়া ডন মিশেলি জাগারিয়া। ‘পাকানো মাথা’ নামে পরিচিত জাগারিয়া ইটালি পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ অপরাধী।
বুধবার ইতালির কাসার্তা প্রদেশের কাসাপেসেন্না শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইতালি পুলিশ।
কুখ্যাত এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় ইটালির প্রধানমন্ত্রী মারিও মোন্তি স্বস্তি প্রকাশ করে বলেছেন, “এটি সৎ লোকদের জন্য একটি ঐতিহাসিক দিন।”
২০০৮ সালে একটি খুনের ঘটনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। ১৬ বছর ধরে তিনি পলাতক ছিলেন। নৃশংসতার জন্য তিনি ‘পাকানো মাথা’ নামে পরিচিতি পান।
কাসাপেসেন্না ৫৩ বছর বয়সী জাগারিয়ার নিজ শহর। সেখানে মাটির নিচে ৫৪০ বর্গফুট বাঙ্কার বানিয়ে তিনি লুকিয়ে ছিলেন।
ওই বাঙ্কারের ১৬ ফুট (৫ মিটার) পুরু কংক্রিটের দেয়াল ড্রিল মেশিন দিয়ে ফুটো করে পুলিশ তাকে বের করে আনে। কংক্রিটের এই দেয়ালটি স্বয়ংক্রিয়ভাবে খোলার ও বন্ধ করার ব্যবস্থা আছে।
পুলিশের বর্ণনানুযায়ী, অভিযান চালানোর শুরুতেই বাঙ্কারটির বিদ্যুৎ ও বায়ু সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় তারা, তারপর ড্রিল দিয়ে দেয়ালটিতে ফুটো করতে শুরু করে।
জাগারিয়া কামোরা মাফিয়া দলের ক্যাসালেসি গোষ্ঠীর প্রধান। গোষ্ঠীটি ইটালির নেপলস বন্দরের উত্তরের এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করতো।
ইতালির প্রখ্যাত লেখক রবার্তো সাভিনোর শীর্ষ বিক্রিত উপন্যাস ‘গোমোরা : দ্য আদার মাফিয়া’, ক্যাসালেসি গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকান্ডকে ভিত্তি করে রচিত। ওই উপন্যাসকে কেন্দ্র করে একটি পুরস্কার জয়ী চলচ্চিত্রও নির্মিত হয়।
ওই উপন্যাস লেখার জন্য রাবার্তো সাভিনোর মৃত্যুদন্ড ঘোষণা করেছিলেন জাগারিয়া। এ কারণে সাভিনোকে সব সময় সঙ্গে পুলিশ নিয়ে চলতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪০ ঘ.
bdnews24