২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বোমা হামলা: পাকিস্তানকে দায়ী করলেন কারজাই

আশুরার দিন কাবুলে শিয়া সম্প্রদায়ের ওপর চালানো আত্মঘাতী বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ ঘটনার জন্য পাকিস্তান সরকারের কাছে জবাবদিহিতা চাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আশুরার দিন কাবুলে শিয়া সম্প্রদায়ের ওপর চালানো আত্মঘাতী বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এ ঘটনার জন্য পাকিস্তান সরকারের কাছে জবাবদিহিতা চাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র দিন আশুরা পালনকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মুসলিমদের ওপর চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৬ ব্যক্তি নিহত হন। এছাড়া প্রায় একই সময় উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে চালানো আরো একটি হামলায় আরো অন্তত ৪ জন নিহত হন। পাকিস্তানের মাটিতে এসব হামলার পরিকল্পনা হয়েছে বলে বুধবার হামিদ কারজাই দাবি করেছেন । লস্কর-ই-জাঙ্গভি আল-আলমের সদস্য হিসেবে পরিচয়দানকরী এক ব্যক্তি কাবুল ও মাজার-ই-শরিফে চালানো হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে দাবিটির সত্যতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-জাঙ্গভি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি উপদল। দলটি পাকিস্তানে শিয়াদের ওপর হামলা চালায়। হামিদ কারজাই বলেছেন, লস্কর-ই-জাঙ্গভি আল-আলমই হামলা চালিয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি। হাসপাতালে ওই হামলায় আহতদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “ঘটনাটির তদন্ত করছি আমরা আর এ বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গেও আমরা কথা বলবো।” তিনি বলেন, এ ঘটনায় শুধু মুসলমানদের প্রতিই ঘৃণা প্রকাশ করা হয়নি, পুরো মানবজাতির প্রতিই ঘৃণা প্রকাশ করা হয়েছে। “এ ঘটনার শিকার মানুষদের রক্তের কথা আফগানরা ভুলে যাবে না, বিশেষভাবে শিশুদের রক্তের কথা,” বলেন তিনি। ওদিকে, লস্কর-ই-জাঙ্গভি আল-আলমের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আতাহার আব্বাস। তিনি বলেছেন, “দলটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই দেখামাত্রই তাদের গুলি করে মারা হচ্ছে।” স্মরণকালের মধ্যে এই প্রথম কাবুলে শিয়া স¤প্রদায়ের ওপর এ ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো। এ হামলায় আফগানিস্তানে শিয়া-সুন্নি বিভেদ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তিন কোটি অধিবাসীর আফগানিস্তানে শিয়াদের সংখ্যা প্রায় ৬০ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১১২ ঘ.