ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- লাতিন কবি পাবলো নেরুদাকে বিষ প্রয়োগ করা হয়েছিলো বলে সন্দেহ করছে চিলির কমিউনিস্ট পার্টি। আর এ লক্ষ্যে কবর থেকে নেরুদার দেহাবশেষ তুলে পরীক্ষার অনুরোধ জানিয়েছে তারা।
সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী পাবলো নেরুদা ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর চিলির রাজধানী সান্তিয়াগোতে মারা যান। তার মৃত্যুর ১২ দিন আগে এক রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চিলির ক্ষমতা দখল করেন জেনারেল আগুস্তো পিনোশে।
মৃত্যুসনদ অনুযায়ী প্রোস্টেট ক্যান্সারের কারণে নেরুদার মৃত্যু হয়েছে। কিন্তু তার সাবেক গাড়ি চালক অভিযোগ করেছেন, বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছেন এই কবি।
বিবিসি জানায়, চিলির কমিউনিস্ট পার্টির আইনজীবী এদ্যুয়ার্দু কন্তেরাস দাবি করেছেন, পাবলো নেরুদার মৃত্যু নিয়ে সন্দেহ আছে।
তিনি জানিয়েছেন, যে হাসপাতালে নেরুদা ক্যান্সারের চিকিৎসা নিতেন সেখান থেকে বলা হয়েছে, একটি ব্যাথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেরুদা মারা যান।
তবে কন্তেরাসের দাবি, ৬৯ বছর বয়সী নেরুদাকে ব্যাথানাশক নয়, সম্ভবত বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হয়েছিলো।
গত নভেম্বরে নেরুদার ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক ম্যানুয়েল আর্যাইয়া তদন্তকারী বিচারক মারিও কারোজাকে জানিয়েছিলেন, মৃত্যুর কয়েকঘণ্ট আগেও নেরুদা স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিলেন ও কথা বলছিলেন।
আর্যইয়া অভিযোগ করেছেন, জেনারেল আগুস্তো পিনোশের নির্দেশে গোয়েন্দারা হাসপাতালে নেরুদার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছিলো।
নেরুদার মৃত্যুর কারণ হিসেবে অন্য কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়নি দাবি করে মে মাসে পাবলো নেরুদা ফাউন্ডেশন জানিয়েছিলো, ক্যান্সারেই তার মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী প্রবল জনপ্রিয় কবি পাবলো নেরুদা আজীবন চিলির কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। তিনি একজন আইনজীবী ও একজন সফল কূটনীতিকও ছিলেন।
বিশ্বসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান গণমানুষের কবি বলে খ্যাত পাবলো নেরুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৪ ঘ.
bdnews24