২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাইমেট ফান্ড নিয়ে মতৈক্য অনিশ্চিত

কার্বন নিঃসরণের মাত্রা নিরাপদ মাত্রায় নামিয়ে আনার আইনি বাধ্যবাধকতা তৈরি এবং গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনে মতৈক্য অনিশ্চিত। ডারবান থেকে জানাচ্ছেন সৈয়দ তালাত কামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

সৈয়দ তালাত কামাল ডারবান (দক্ষিণ আফ্রিকা) থেকে ডারবান, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্বন নিঃসরণের মাত্রা নিরাপদ মাত্রায় নামিয়ে আনার আইনি বাধ্যবাধকতা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য তহবিল গঠনে মতৈক্যে পৌঁছানোর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হওয়া ১২ দিনের জলবায়ু সম্মেলনে এ দুটি বিষয়ই উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মুখ্য দাবি হলেও তা নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। বরং দেখা দিয়েছে সংশয়। যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর জোট অ্যালবা-এর প্রতিনিধিরা জাতিসংঘ গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে প্রশ্ন তুলেছে। এ চুক্তির খসড়া নিয়ে আপত্তি তুলেছে তারা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে যে সব উদ্যোগ নেওয়া হবে সেগুলোর মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ডকে অন্তর্ভুক্ত করা ছিলো এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। এ তহবিলের আওতায় জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং তাদের কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে বছরে এক হাজার কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। গ্রিন হাউজ গ্যাস সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এর ফলে আবহাওয়ার পরিবর্তন হয় এবং তা ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, নদীভাঙন ও পানিতে লবণাক্ততা বাড়িয়ে তোলাকে ত্বরান্বিত করে। আশঙ্কা করা হয়, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তা জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আনতে পারে যা প্রশমণের কোনো উপায় থাকবে না। জাতিসংঘ ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে হলে ১৯৯০ যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো ২০২০ সাল নাগাদ তা ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ তা ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এছাড়া ২০১৫ সালের পর কোনোভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ সর্বোচ্চ হতে পারবে না। সম্মেলনে চীন ও ভারতের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ২০১২ সালে মেয়াদ শেষ হতে যাওয়া কিয়োটো প্রটোকল চুক্তির আওতায় শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রতিশ্র“তি না দিলে তারা কোনো নতুন চুক্তিতে সই করবে না। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জনাথন পার্শিং গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, “এ পরিকল্পনা ‘ভুল ও সাময়িক’।” অ্যাকশন এইড ইউএসএ-এর ইলনা সোলোমোন বলেন, “গ্রিন ক্লাইমেট ফান্ডের খসড়াকে অংশগ্রহণকারী প্রায় সব দেশ যথার্থ মনে করছে না এবং অনেক দেশ এ তহবিল কীভাবে সংগ্রহ করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে।” “এ তহবিল ও সম্মেলনের মধ্যে আরো নিবিড়তর সম্পর্কের পাশাপাশি এখানে ব্যক্তি খাত কীভাবে অন্তর্ভুক্ত হবে সে বিষয়টিও স্পষ্ট হতে চাইছে তারা।” এছাড়া এ তহবিল পরিচালনায় বিশ্ব ব্যাংকের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উন্নয়নশীল দেশগুলো। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘ক্ষতিকর’ প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের দৃষ্টান্ত থাকায় এ উদ্বেগ সৃষ্টি হয়েছে। কসোভোর উন্নয়ন ইনস্টিটিউটের নেজির সিনানি বলেন, তিনি সম্মেলনে অনেক দেশের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন এবং সবাই একই কথা বলেছে যে, “বিশ্ব ব্যাংক অস্থায়ী কর্মসূচিতে অর্থায়ন করেছে যা পরিবেশের ক্ষতি করছে।” এ পরিস্থিতিতে গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্ব ব্যাংকের হাতে না দেওয়ার আহ্বান জানান তিনি। বেসরকারি উদ্যোগে তহবিল সংগ্রহের বিষয়টি নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। এ তহবিল নিয়ে অংশগ্রহণকারীদের মতবিরোধ থাকলেও ডারবান সম্মেলনেই বিষয়টির সুরাহা হওয়া উচিত বলে মন্তব্য করেন সোলোমোন। কিয়োটা প্রটোকল কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে কিয়োটো প্রটোকল চুক্তির স¤প্রাসারণমূলক একটি নতুন জলবায়ু চুক্তির রূপরেখা প্রণয়নে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়ন একটি সময়সীমা বেঁধে দিয়েছে। ভারত, চীন ও যুক্তরাষ্ট্র তার বিপরীতে অবস্থান নেওয়ায় এ সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল চুক্তি সইয়ের পর ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে। কিন্তু এবার এ জোটের পক্ষ থেকে বলা হচ্ছে, ডারবানে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতা আরোপে অন্তত বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলো প্রতিশ্র“তি না দিলে তারা দ্বিতীয় মেয়াদে এ ধরনের কোনো চুক্তিতে সই করবে না। যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়া কিয়োটো প্রটোকলের আদলে একটি চুক্তি চাইছে এবং তাতে কেবল ধনী রাষ্ট্রগুলোর ওপরই নয় অধিক মাত্রায় কার্বন নিঃসরণকারী উন্নয়নশীল দেশ চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর ওপর কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না। বর্তমানে কেবল ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দ্বিতীয় মেয়াদে কিয়োটো প্রটোকল চুক্তির বিষয়ে সোচ্চার হয়েছে। কিন্তু এ দেশগুলো বিশ্বের মোট কার্বন নিঃসরণের মাত্র ২৬ শতাংশ নিঃসরণ করে এবং জলবায়ু পরিবর্তন রোধ বা বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে তাদের ভূমিকা হবে খুবই সামান্য। অন্যদিকে চীন একাই বিশ্বের মোট কার্বন নিঃসরণের ২৪ শতাংশ, যুক্তরাষ্ট্র ২০ শতাংশের কাছাকাছি ও ভারত পাঁচ শতাংশের কিছু বেশি কার্বন নিঃসরণ করে- এ দেশগুলোই একসঙ্গে বিশ্বের মোট কার্বন নিঃসরণের অর্ধেকের জন্য দায়ী। ডারবান জলবায়ু সম্মেলনে কিয়োটি প্রটোকল চুক্তির মেয়াদ বৃদ্ধি ও জাতিসংঘ গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কার্বন গ্যাস নিঃসরণের মাত্রা পরিমাণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হতে চললেও আইনি বাধ্যবাধকতা না থাকায় শিল্পোন্নত দেশগুলোকে কার্বন গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করা যায়নি। এ কারণেই গত দুটি জলবায়ু সম্মেলনেই নতুন একটি চুক্তি করার কথা বলা হচ্ছে, যাতে কার্বন গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও বাধ্যবাধকতা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটিকে/এএইচ/পিডি/০১১৩ ঘ.