দামাকাস, ০৫ ডিসিম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আট মাসের সহিংসতা বন্ধে আরব লিগের প্রস্তাবিত পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছে সিরিয়া। ফলে খুব শিগগিরিই চুক্তি সই হতে পারে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ আল-মাকদেসি সোমবার এ আশা প্রকাশ করেছেন ।
বিক্ষোভ দমনাভিযান বন্ধ করতে আরব লিগের প্রস্তাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজি হওয়ার সর্বশেষ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আল-মাকদেসি এ কথা জানালেন।
জাতিসংঘের মতে, সিরিয়ার দমনাভিযানে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
দামেস্কর অভিযোগ, আরব লিগের পরিকল্পনা বাস্তবায়ন তদারক করতে সিরিয়ায় বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশ করতে দিলে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে।
কিন্তু দামেস্ক এও বলেছে যে, তারা প্রস্তাবটি সম্পর্কে পরিস্কার ধারণা পেতে চাইছে, এটি বাতিল করে দেয়নি।
মাকদেসি সাংবাদিকদের বলেছেন, “শিগগিরই চুক্তিটি সই করার পরিকল্পনা আছে। সিরিয়া সরকার খসড়া চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে।”
তিনি আরো বলেন, “আমি আশাবাদী, এ ব্যাপারে প্রথমে আরব লিগের সাড়া পাওয়া অপেক্ষায় আছি।”
সহিংসতা বন্ধে সিরিয়া সরকারের ব্যর্থতা এবং আরব লিগের গৃহীত পদক্ষেপে কোন সাড়া না দেওয়ায় গত মাসে সংস্থাটি সিরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে।
কিন্তু এর পর থেকে তাদের চুক্তিতে স্বাক্ষর করার সময়সীমাও কয়েক দফা বৃদ্ধি করেছে আরব লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪৪ঘ.
bdnews24