২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তরুণী ব্লগার গ্রেপ্তার

সিরিয়ায় রাজান গাজ্জাবি নামে এক ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গ্রেপ্তার হওয়া সাংবাদিক ও ব্লগারদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ৩০ বছর বয়সী এই তরুণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

আম্মান, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় রাজান গাজ্জাবি নামে এক ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গ্রেপ্তার হওয়া সাংবাদিক ও ব্লগারদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন ৩০ বছর বয়সী এই তরুণী। রোববার জর্ডানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে গ্রেপ্তার হন তিনি। রাজানের একজন বন্ধু জানান, জর্ডান যাওয়ার জন্য সিরিয়ার সীমান্তে নাসিব স্থলবন্দরে পাসপোর্ট জমা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। রাজান গাজ্জাবি তার সর্বশেষ ব্লগ পোস্টে জানান, তার সতীর্থ ব্লগার হুসেইন ঘ্রেইর ৩৭ দিন কারাভোগের পরে গত সপ্তাহে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, ঘ্রেইর বেশ সৌভাগ্যবান যে তার কারাভোগের বেশিরভাগ সময় সাধারণ কারাগারগুলোতেই কাটিয়েছেন তিনি। পুলিশের গোপন আস্তানাগুলোর অন্ধকূপে ভয়ঙ্কর অত্যাচারের মুখে তাকে পরতে হয়নি। তবে এ ব্যাপারে সিরীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের কঠোর দমন-পীড়নের কারণে ইতোমধ্যে প্রায় স্বাধীন সাংবাদিকশূন্য হয়ে পড়েছে সিরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ছাড়া অন্যান্য সংবাদ মাধ্যমগুলো মিথ্যা খবর ছড়াচ্ছে বলে অভিযোগ করছে কর্তৃপক্ষ। এজন্য তারা বিদেশি গোয়েন্দা তৎপরতাকে দায়ী করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫০ ঘ.