২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মৃত্যুর ঘটনা ‘দুঃখজনক’, জারদারিকে ওবামা

পাকিস্তান সীমান্তে ন্যাটো হামলার জন্য ব্যক্তিগতভাবে গভীর সমবেদনা জানাতে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান সীমান্তে ন্যাটো হামলার জন্য ব্যক্তিগতভাবে গভীর সমবেদনা জানাতে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ প্রকাশিত এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়। আফগানিস্তানের ভবিষ্যৎ প্রশ্নে জার্মানির বন শহরে সোমবার আন্তর্জাতিক সম্মেলন শুরুর একদিন আগে রোববার জারদারিকে ফোন করলেন ওবামা। ন্যাটোর হামলার প্রতিবাদে পাকিস্তান ওই সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউজ প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার ঘটনাকে “দুঃখজনক” বলে বর্ণনা করে ঘটনাটি “দুর্ঘটনাজনিত” বলে পাকিস্তানি প্রেসিডেন্টকে জানান ওবামা। বিবৃতিতে বলা হয়, “২৪ পাকিস্তানি সেনার ট্র্যাজিক মৃত্যুতে ব্যক্তিগতভাবে সমবেদনা জানাতে প্রেসিডেন্ট ওবামা রোববার সকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে ফোন করেন।” “দুঃখজনক ওই ঘটনাটি পাকিস্তানের ওপর উদ্দেশ্যপ্রণোদিত কোনো আক্রমণ ছিলো না, এটি পাকিস্তানি প্রেসিডেন্টকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেন ওবামা এবং ঘটনাটির পূর্ণ তদন্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় মনোভাবের বিষয়টি পুনরোল্লেখ করেন।” এর একদিন আগে শনিবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ফোন করে সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত ২৫ নভেম্বর, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আফগান সীমান্তের মোহমান্দ এলাকায় পাকিস্তানের একটি সেনা চৌকির ওপর হামলা চালায় আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী। এতে ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তান ক্ষুব্ধ হয় এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের অবনতি ঘটে। হামলার পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ও প্রতিরক্ষামন্ত্র্রী লিওন প্যানেট্টা এক যৌথ ঘোষণায় ঘটনাটিকে অনাকাক্সিক্ষত আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন। এরপর প্রেসিডেন্ট বারাক ওবামাও এক ঘোষণায় এ ঘটনাকে ট্র্যাজেডি আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন। এবার ওবামা সরাসরি ফোন করে জারদারির কাছে ঘটনাটির ব্যাপারে দুঃখ প্রকাশ করলেন। তবে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গেলেন। গত মে মাসে আল কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন হত্যা নিয়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়। যুক্তরাষ্ট্র মিত্র পাকিস্তানকে আগাম কোনো সংবাদ না দিয়েই দেশটির অ্যাবোটাবাদ শহরে লুকিয়ে থাকা আল কায়েদার শীর্ষ নেতাকে রাতের আঁধারে গোপন অভিযান চালিয়ে হত্যা করে। এ ঘটনায় পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ ওঠে। সম্পর্ক সহজ করার চেষ্টা নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু আরো কিছু বিষয় নিয়ে দুদেশের ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। ঠিক এমন সময়েই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহত হয়। পাকিস্তানকে ছাড়া আফগানিস্তানের ভবিষ্যৎ প্রশ্নের কোন সুরাহা হওয়া সম্ভব নয়। তাই ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ওই এলাকায় প্রভাব বজায় রাখতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। আফগানিস্তানের ভবিষ্যৎ প্রশ্নে অনুষ্ঠিতব্য বন সম্মেলন পাকিস্তান বর্জন করায় এ সম্মেলন অর্থহীন হয়ে পড়বে বলেই বিশ্লেষকদের ধারণা। তবে সম্মেলনের আগেই পাকিস্তানের ক্ষোভ প্রশমিত করতে যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৪ ঘ.