রিও ডি জেনেরিও, ডিসেম্বর ০৫ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের শ্রম মন্ত্রী কার্লোস লুপি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট দিলমা রৌসেফের কাছে রোববার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
লুপির বিবৃতির বরাত দিয়ে সোমবার বিবিসি জানায়, লুপি গণমাধ্যমে ব্যক্তিগত ও রাজনৈতিক হয়রানির বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। তবে তার স্পষ্ট মূল্যবোধ রয়েছে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন বলেও দাবি করেছেন তিনি।
গত নভেম্বরে ভেজা ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লুপি ও তার সহযোগীরা সরকারি অর্থায়নের বিনিময়ে দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর কাছে ঘুষ চেয়েছেন।
এদিকে ফোলহা দো সাও পাওলো সংবাদপত্রে বলা হয়, একইসঙ্গে সরকারি প্রশাসন ও কেন্দ্রীয় কংগ্রেশনাল কর্মী হিসেবে লুপি চাকরি করছেন ও বেতন নিচ্ছেন বলে অভিযোগ ওঠায় তা নিয়ে তদন্ত চলছে।
ব্রাজিলের আইন অনুযায়ী একইসঙ্গে দুটি সরকারি চাকরি করা বেআইনি।
লুপির নিজ দল ব্রাজিলিয়ান ওয়ার্কার্স পার্টির (পিডিটি) কয়েকজন সদস্য এসব অভিযোগের বিষয়ে তদন্তের দাবি জানায়।
তবে অব্যবস্থাপনার জন্য লুপিকে বরখাস্ত করা উচিত বলে বুধবার প্রেসিডেন্টশিয়াল এথিকস কমিটি সুপারিশ করার পর হঠাৎ করেই তার ওপর পদত্যাগের চাপ বেড়ে যায়।
জানুয়ারি মাসে রৌসেফ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এ নিয়ে ছয়জন মন্ত্রী পদত্যাগ করলেন। এদের মধ্যে পাঁচজনই পদত্যাগ করেছেন সন্দেহজনক দুর্নীতির অপবাদ মাথায় নিয়ে। আর পদত্যাগকারীদের অধিকাংশই ছিলেন পূর্ববর্তী প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা সরকারের মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৫৭ ঘ.
bdnews24