বার্লিন, ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশের স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে আরো এক দশকব্যাপী অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
বন সম্মেলনের আলোচকদের উদ্দেশে রোববার তিনি এ সহায়তা দেওয়ার অনুরোধ জানান।
সোমবার জার্মানির বন শহরে শুরু হচ্ছে আফগানিস্তান বিষয়ক এ আন্তর্জাতিক সম্মেলন। দেশটির উজ্জ্বল ভবিষ্যতের আশা নিয়ে এক দশক আগে আফগান বিষয়ক প্রথম বন সম্মেলন শেষের পর নতুন করে এ সম্মেলন হচ্ছে।
২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ, দারিদ্র এবং রমরমা মাদক ব্যবসার মতো সঙ্কটগুলো নিয়ে সম্মেলনে গুরুগম্ভীর পরিবেশে আলোচনা চলবে বলে মনে করা হচ্ছে।
তবে পাকিস্তান সম্মেলন বর্জন করায় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসা কঠিন হবে বলেই বিশ্লেষকদের ধারণা।
জার্মানির শীর্ষস্থানীয় ‘দার স্পিগেল’ সাপ্তাহিকীতে কারজাই বলেন, “ নিশ্চিতভাবেই আরো ১০ বছর-- ২০২৪ সাল পর্যন্ত--আফগানিস্তানের সহায়তা প্রয়োজন। আফগান সেনাদের প্রশিক্ষণের প্রয়োজন পড়বে। সেনা ও পুলিশ বাহিনীর জন্য সাজ-সরঞ্জাম লাগবে এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে অর্থনৈতিক সহায়তা দরকার হবে।”
তালেবান শাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা এ যুদ্ধে পরাজিত হলে আবারো ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়ব।”
আফগানিস্তানের বড় অংঙ্কের অর্থ সহায়তাও প্রয়োজন বলে জানান কারজাই।
গত মাসে বিশ্ব ব্যাংক প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশের নিরাপত্তা ও অন্যান্য খাতে খরচ বাবদ আফগানিস্তানের প্রতি বছর ৭০০ কোটি মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে বলেছেন, বন আলোচনায় তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে- দেশীয় সেনাদের হাতে পরিকল্পিতভাবে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর, দেশের অভ্যন্তরে স¤প্রীতি গড়ে তোলা এবং বিভিন্ন দেশ থেকে আফগানিস্তানের জন্য দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ঘ.
bdnews24