২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নির্বাচনী ফল মানার আহ্বান ব্রাদারহুডের

মিশরের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে মুসলিম ব্রাদারহুডের ‘জাস্টিস এন্ড পিস পার্টি’ জয়লাভ করায় প্রতিদ্বন্দ্বিদের জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

কায়রো, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্বে মুসলিম ব্রাদারহুডের ‘জাস্টিস এন্ড পিস পার্টি’ জয়লাভ করায় প্রতিদ্বন্দ্বিদের জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর গত ২৮-২৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬০ বছরের মধ্যে দেশটিতে এটিই প্রথম অবাধ নির্বাচন। নির্বাচনের প্রাথমিক ফলে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা জাস্টিস এন্ড পিস পার্টি ৪০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। এর পরই আছে কট্টর সালাফিপন্থি ইসলামিক দল আল নুর পার্টি ও উদারবাদী লিবারেল জোট। তবে প্রথম পর্বে এগিয়ে থাকলেও নির্বাচনী আইন অনুযায়ী, ৫০ শতাংশ ভোট না পাওয়ার কারণে নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থীদেরকে আবার আগামী সোমবার ভোটের মুখোমুখি হতে হবে। তবে পার্লামেন্ট নির্বাচনের পুরো ফল পেতে ১১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ নির্বাচনের আরো দুটি পর্ব বাকি। কায়রো ও আশপাশের এলাকায় প্রথম পর্বের ভোট গ্রহণ হলেও দেশের বাকি অন্য দুটি অংশে ওই দুই পর্বে ভোট হবে। মুসলিম ব্রাদারহুড মিশরের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল। এই রক্ষণশীল ইসলামিক দলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান চালানোর মধ্য দিয়ে দেশটির নিম্নবিত্তদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ব্রাদারহুডের প্রতিদ্বন্দ্বি দলগুলো জাস্টিস এন্ড পিস পার্টির বিরুদ্ধে সস্তাদরে খাবার ও অধুষ বিতরণ করে ভোটারদের মন জয় করার অভিযোগ এনেছে। এছাড়া ভোট চলাকালে কেন্দ্রের বাইরে ভোটাদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে ‘জাস্টিস এন্ড পিস পার্টি’র বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে, সমালোচকদের নির্বাচনী রায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছে মুসলিম ব্রাদারহুড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৬ঘ.