সিডনি, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতে ইউরেনিয়াম রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্ষমতাসীন লেবার পার্টি রোববার দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে।
জাতীয় নীতিনির্ধারণী সম্মেলনে লেবার পার্টি ভারতে ইউরেনিয়াম রপ্তানির পরিকল্পনা অনুমোদন করেছে।
এ সিদ্ধান্তের কারণে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় পরমাণু চুক্তি সম্পাদনে আলোচনার পথ উন্মুক্ত হলো। পরমাণু বিস্তাররোধ চুক্তি সই না করায় দীর্ঘদিন ধরে ভারতে ইউরেনিয়াম রপ্তানি নিষিদ্ধ করে রেখেছিলো আস্ট্রেলিয়া ।
গত নভেম্বরে ভারতে ইউরেনিয়াম রপ্তানির পরিকল্পনা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। কিন্তু রপ্তানি নিষেধাজ্ঞা থাকায় পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য পার্টির এই অনুমোদন প্রয়োজন ছিলো।
বিষয়টি নিয়ে লেবার পার্টির বার্ষিক সম্মেলনে তীব্র বিতর্ক হয়। অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থেই ভারতে ইউরেনিয়াম রপ্তানি করা প্রয়োজন বলে যুক্তি দেখান প্রধানমন্ত্রী গিলার্ড।
তিনি বলেন, “আমাদের জাতীয় স্বার্থেই একটি সিদ্ধান্ত নেওয়া দরকার, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্ব পাকাপোক্ত করতেই এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”
আস্ট্রেলিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও তাইওয়ানে ইউরেনিয়াম রপ্তানি করেছে উল্লেখ করে তিনি বলেন, ভারতে রপ্তানি করা ইউরেনিয়াম শুধুমাত্র বেসামরিক কাজে ব্যাবহার করা হবে, কখনোই পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা হবে না।
বিতর্কের পর ২০৬ - ১৮৫ ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়। এর মধ্য দিয়ে পরামণু শক্তি বিস্তারের বিরুদ্ধে লেবার পার্টির দীর্ঘদিনের অবস্থান বদলালো।
অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম শিল্পের সঙ্গে জড়িতরা সরকারে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বিশ্বের সঞ্চিত ইউরেনিয়াম মজুদের প্রায় ৪০ শতাংশ অস্ট্রেলিয়ায় আছে। কিন্তু ইউরেনিয়ামের বিশ্ব বাজারের মাত্র ১৭ শতাংশের যোগান দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কোনো পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও নেই।
ওদিকে, ভারত আগামী ২০ বছরে ৩০ টি পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪০ঘ.
bdnews24