ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিউডের চিরসবুজ অভিনেতা বলে খ্যাত দেব আনন্দ আর নেই।
রোববার লন্ডনে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে।
দেব আনন্দের বয়স হয়েছিলো ৮৮ বছর। তবে এই বয়সেও বিভিন্ন অনুষ্ঠানে তার সরব উপস্থিতি দেখা গেছে। কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন।
দেব আনন্দের ছেলে সুনীল আনন্দ ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) জানান, লন্ডনের স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে মারা যান তিনি। মৃত্যুর সময় বাবার সঙ্গে ছিলেন সুনীল।
‘হাম এক হ্যায়’- চলচ্চিত্রের মাধ্যমে ১৯৪৬ সালে রুপালি জগতে পা রাখেন দেব আনন্দ। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
১৯৪৭ সালে ‘জিদ্দি’ মুক্তি পাওয়ার পর থেকেই সুপারস্টারে পরিণত হন দেব আনন্দ। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, পেইং গেস্ট, বাজি, জুয়েল থিফ, সিআইডি, জনি মেরা নাম, আমির গরিব, ওয়ারেন্ট, হরে রাম হরে কৃষ্ণ, দেশ পরদেশ ইত্যাদি।
‘কালা পানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দেব আনন্দ ১৯৫৮ সালেই ‘সেরা অভিনেতা’ হিসেবে ভারতের চলচ্চিত্রাঙ্গণের শীর্ষ পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ লাভ করেন। ১৯৬৬ সালে ‘গাইড’ চলচ্চিত্রে অভিনয় করে আবারও এ পুরস্কার লাভ করেন তিনি। দেব আনন্দের ‘সেরা অভিনেতা’ পুরস্কার ছাড়াও সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকসহ আরো পাঁচটি ক্ষেত্রে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ পায় ছবিটি। ওই বছরই বিদেশি চলচ্চিত্র শাখায় ভারতের ছবি হিসেবে অস্কার প্রতিযোগিতায় মনোনয়ন পায় ‘গাইড’।
সারা জীবনের অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সালে আবারো ‘ফিল্মফেয়ার’ পুরষ্কার পান দেব আনন্দ।
ভারতের চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০০১ সালে দেব আনন্দকে ‘পদ্মভূষণ’ খেতাব দেয় সরকার। ২০০২ সালে মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ সম্মাননাও পান তিনি।
অভিনয়ের পাশাপাশি ১৯৪৯ সালে নিজের প্রযোজনা সংস্থা ‘নবকেতন ইন্টারন্যাশনাল ফিল্মস’ প্রতিষ্ঠা করেন এবং ৩৫টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা করেন।
হিন্দি চলচ্চিত্রে স্থান করে নেওয়া তিন ভাইয়ের মধ্যে দেব আনন্দ দ্বিতীয়। তার অন্য দুই ভাই চেতন আনন্দ ও বিজয় আনন্দ। তার বোন শীল কান্ত কাপুর বিখ্যাত পরিচালক শেখর কাপুরের মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএমটি/১৬১৫ ঘ.
bdnews24