ঢাকা, ০৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিয়ানমারে প্রথমবারের মত শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়ে আইন স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট থিন সেইন।
নতুন আইনের আওতায় শান্তিপূর্ণ বিক্ষোভে নামার অন্তত ৫ দিন আগে জনগণকে এর অনুমতি নিতে হবে। মিয়ানমারে এর আগে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ছিলো।
দেশটির সামরিক সরকার এ বছরের শুরুতে সেনা-সমর্থিত বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর এটিই সর্বশেষ সংস্কার পদক্ষেপ।
এর আগে সরকার নেতৃত্বস্থানীয় সশস্ত্র জাতি গোষ্ঠী দ্য শান স্টেট আর্মি সাউথের সঙ্গে শুক্রবার যুদ্ধ বিরতি চুক্তিতেও পৌঁছেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বিবিসি এ খবর দিয়েছে।
মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নিতে দেশটির বহু সশস্ত্র জাতিগোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া পশ্চিমা দেশগুলোর প্রধান দাবি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমারে তিন দিনের সফর শেষ করার মুহুর্তে যুদ্ধ বিরতির পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভ অনুমোদন করে এ নতুন আইন পাস হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৫ঘ.
bdnews24