২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের প্রতি বিরোধ নিষ্পত্তির আহ্বান প্যানেট্টার

ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা বন্ধে তুরস্ক, মিশর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ‘বিরোধ নিষ্পত্তি’ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 06:02 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

নিউ ইয়র্ক, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা বন্ধে তুরস্ক, মিশর ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ‘বিরোধ নিষ্পত্তি’ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা। পাশাপাশি ইরানের পরমাণু প্রকল্প বন্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ওয়াশিংটনে একটি সভায় দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে আন্তর্জাতিক প্রচারণার কথা উল্লেখ করে প্যানেট্টা জানান, এক্ষেত্রে ইসরায়েলকে পুরো দোষারোপ করা যায়না। ফিলিস্তিনের সঙ্গে আবারো শান্তি আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা এবং ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে না দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, “দুর্ভাগ্যবশত বেশ কয়েক বছর ধরে আমরা এ অঞ্চলে ঐতিহ্যগত নিরাপত্তা অংশীদারদের সঙ্গে ইসরায়েলকে বিচ্ছিন্ন হতে দেখছি এবং বড় পরিসরে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাও থেমে গেছে।” তবে ‘আরব বসন্ত’ হিসেবে পরিচিতি পাওয়া আরব দেশগুলোর গণআন্দোলনের বিষয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি যৌক্তিক বলেও জানান তিনি। নেতৃত্বের পরিবর্তন আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে ইসরায়েলের জন্য সুযোগ করে দিচ্ছে উল্লেখ করে প্যানেট্টা বলেন, “উদাহরণ হিসেবে বলা যায়, তুরস্ক, মিশর ও জর্ডানের মতো এ অঞ্চলের যেসব দেশের সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত তাদের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করতে পারে।” আরব দেশ হিসেবে কেবল মিশর ও জর্ডানই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আর তুরস্ক ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও গত বছর গাজায় অভিমুখী তুরস্কের ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের সেনারা হামলা চালিয়ে তুরস্কের নাগরিকদের হত্যার পর দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। আর এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়া থেমে রয়েছে। ইসরায়েলের অব্যাহত বসতি স্থাপন এবং জাতিসংঘে পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের দাবির জন্য এটা ঘটেছে বলে মনে করা হয়। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল আবারো শান্তি আলোচনা শুরু করতে পারে কি না জানতে চাইলে প্যানেট্টা বলেন, “তাদের শুধু আলোচনার টেবিলে বসাতে পারলেই হবে। তবে এখন সমস্যাটা হলো আমরা তা করতে পারছিনা।” পাশাপাশি, ইরানের পরমাণু প্রকল্পের বিষয়ে কোনো সেনা অভিযানের পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে প্যানেট্টা বলেন, “ শেষ অস্ত্র হচ্ছে সেনা অভিযান। এটি তো রয়েছেই। আর তাই সেনা অভিযান শেষ অস্ত্র, কখনোই প্রথম অস্ত্র নয়।” তিনি জানান, এ ব্যাপারে ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপই ভালো ফল দিচ্ছে। এ ব্যাপারে তিনি সন্তুষ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪৭ ঘ.