তালাত কামাল
ডারবান থেকে
ডারবান, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক উষ্ণতা কমিয়ে পৃথিবীকে বাঁচাতে নতুন এক কৌশল প্রস্তাব করেছেন লিবিয়ার বিজ্ঞানীরা। তারা বলছেন, যথেষ্ট পরিমাণ বাতাস সৃষ্টি করে পরিবেশবান্ধব প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করতে পারলেই উষ্ণতা কমিয়ে আনা যাবে।
ডারবানে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে (করফারেন্স অব দি পার্টিস- কপ১৭) বৃহস্পতিবার এ কৌশলের বিস্তারিত তুলে ধরেন লিবীয় বিজ্ঞানী মুফতাহ এলারবাশ।
সম্মেলনে লিবিয়ান ইনিশিয়েটিভের নেতা এলারবাশ দাবি করেন, ২০২১ সালের মধ্যে তার দেশে কার্বন গ্যাস নিঃসরণের পরিমাণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনার জন্য একটি ‘খসড়া নকশা’ ইতিমধ্যে তৈরি করেছেন তারা।
এই কৌশলের মোদ্দা কথা হলো- সৌরশক্তি কাজে লাগিয়ে সাহারা ও আরব মরুভূমিতে ‘স্থায়ী নিুচাপ অঞ্চল’ সৃষ্টি করা হবে। এর ফলে সেখানে ও আশেপাশের এলাকায় জোরালো গতির বায়ুপ্রবাহ সৃষ্টি হবে, যার মাধ্যমে উৎপন্ন করা যাবে পরিবেশবান্ধব বিদ্যুৎ।
এলারবাশের প্রস্তাবে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে ২০২১ সালের মধ্যে এ ধরনের ৭১টি ‘স্থায়ী নিুচাপ অঞ্চল’ গড়ে তোলা হবে, যার প্রতিটি প্রকল্প থেকে পাওয়া যাবে ৩০০ গিগাওয়াট বিদ্যুৎ। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে কমবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রাও।
লিবীয় বিজ্ঞানীদের হিসাবে এই পরিকল্পনা বাস্তবায়নে ২০১১ সাল পর্যন্ত ব্যয় হবে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার, যেখানে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের বর্তমান হার অর্ধেকে নামিয়ে আনতেও ৪৫ ট্রিলিয়ন ডলার খরচ হবে বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন আলোচনায়।
ইলারবাশের দাবি, তার এ কৌশল কাজে লাগালে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম মাত্র নয় বছরের মধ্যে টেনে ধরা সম্ভব হবে।
কার্বন গ্যাস নিঃসরণের মাত্রা পরিমাণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হতে চললেও আইনি বাধ্যবাধকতা না থাকায় শিল্পোন্নত দেশগুলোকে কার্বন গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করা যায়নি।
এ কারণেই গত দুটি জলবায়ু সম্মেলনেই নতুন একটি চুক্তি করার কথা বলা হচ্ছে, যাতে কার্বন গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও বাধ্যবাধকতা থাকবে।
গত ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হওয়া ১২ দিনের জলবায়ু সম্মেলনে এগুলোই হবে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মূখ্য দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিকে/কিউএইচ/জেকে/১৮২৫ ঘ.
bdnews24