২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেটে ইরানের ওপর নিষেধাজ্ঞা বিল পাস

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা বিল যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হয়েছে। শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। ১০০ সিনেটরের কেউই বিলটির বিপক্ষে ভোট দেয়নি। এমনকি কোনো সদস্য ভোটদানে বিরতও থাকেনি। এখন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা তাতে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে। ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেনেনদেজ ও রিপাবলিকান সিনেটর মার্ক কির্ক প্রণীত এ বিলের খসড়ায় বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যেসব বিদেশি ব্যাংক লেনদেন চালিয়ে যাবে সেগুলোর অনুমোদন বাতিল করা হবে। ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করলে জ্বালানি তেলের বাজারে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্যও এতে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। বিলটি চূড়ান্ত অনুমোদনের পর তা আইন হিসেবে কার্যকর হতে ছয় মাস সময় দেওয়া হয়েছে। ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালাচ্ছে বলে স¤প্রতি জাতিসংঘের আনবিক শক্তি সংস্থার (আইএইএ) এক প্রতিবেদন প্রকাশের পর মধ্যপ্রাচের এ দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক অবরোধ আরোপ করছে পশ্চিমা দেশগুলো। এর আগে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার ইরানের ১৮০ জন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ জব্দ ও তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে ইরানের লন্ডন দূতাবাসের কর্মকর্তাদের শুক্রবার বিকালের মধ্যে ব্রিটেন ত্যাগ করতে বলা হয়েছে। গত মঙ্গলবার তেহরানে ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের জবাবে এ পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৮২৭ ঘ.