২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক

সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে জেনেভায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সহিংসতা বন্ধে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করাই এ বৈঠকের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 07:59 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে জেনেভায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সহিংসতা বন্ধে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করাই এ বৈঠকের লক্ষ্য। জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা করছেন, সেনাবাহিনীর পক্ষত্যাগীরা সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় সিরিয়ার এ সহিংসতা গৃহযুদ্ধের রূপ নিতে পারে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সরকারবিরোধী আন্দোলন দমনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী শিশুসহ বেসামরিক জনগণকে হত্যা, নির্যাতন ও যৌন হয়রানি করছে। সিরিয়ার সরকার অবশ্য বলছে, তারা সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। বিবিসি জানায়, কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আরব দেশ, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর তারা সবাই সিরিয়ার মানবতাবিরোধী অপরাধের বিষয়ে কাজ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাতে চায়। জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই বলেন, “নিরাপত্তা পরিষদ এবং এ ধরনের কর্মকাণ্ডে সমর্থনকারীদের কাছে এসব ঘটনার গুরুত্ব তুলে ধরতে কাউন্সিলের বৈঠক হওয়া দরকার।” চলতি বছরের মার্চ মাসে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত কমপক্ষে ৪ হাজার মানুষ নিহত হয়েছে বলেও জানান তিনি। সিরিয়ার মানবতাবিরোধী অপরাধকে আন্তর্জাতিক আদালতে তুলে ধরতে এর আগে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছিলেন পিল্লাই। বৃহস্পতিবার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরো জোড়ালো করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা গ্যাস ও তেল শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরব লিগও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫৩ ঘ.