ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পের আগে পানিতে বসবাসকারী প্রাণীরা সম্ভবত পানির রাসায়নিক পরিবর্তন ধরতে পারে, একারণেই হয়তো ভূমিকম্পের আগে তারা অস্বাভাবিক আচরণ করে।
পানিতে বসবাসকারী প্রাণীর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হতে পারে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী।
সম্প্রতি ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্টাল রিসার্চ এন্ড পাবলিক হেলথ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এই দাবি করা হয় বলে বিবিসি জানায় ।
ইতালির লাকুইলা এলাকার একটি পুকুরের রাসায়নিক পরিবর্তনের পর ব্যাঙদের আচরণ নিয়ে ২০০৯ সালে এ গবেষণাটি শুরু হয়। গবেষণা শুরু করার কিছুদিনের মধ্যেই ওই এলাকায় একটি ভূমিকম্প হয়।
এতে গবেষকরা জানান, ভূমিকম্পের আগে ভূ-ত্বকে চাপ সৃষ্টি হওয়ার কারণে মাটি থেকে আধানযুক্ত কণা বের হতে থাকে। এই কণাগুলো পুকুরের পানির সাথে বিক্রিয়া করে।
পানিতে বা পানির কাছাকাছি বাস করা প্রাণীরা পানির রাসায়নিক পরিবর্তনের ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর। তাই পানির রাসায়নিক পরিবর্তনের কারণে তারা আসন্ন ঘটনা ভূমিকম্পের কয়েকদিন আগেই টের পেয়ে যায় বলে জানান গবেষকরা।
গবেষণাটি নাসার ফ্রিডম্যান ফ্রিউন্ড ও যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের র্যাচেল গ্রান্ট এর নেতৃত্বে পরিচালিত হয়।
ভূমিকম্পের ইঙ্গিত পেতে এ গবেষণা জীববিজ্ঞানী ও ভূতত্ত্ববিদদের একত্রে কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৯ ঘ.
bdnews24