সৌদি আরব, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/রয়টার্স)- সৌদি আরব দমনপীড়ন চালিয়ে গণআন্দোলন সামাল দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার ৭৩ পাতার এক প্রতিবেদনে সংস্থাটি এ অভিযোগ করে।
এতে বলা হয়, কোনো অভিযোগ ছাড়াই আটকদের মুক্তি দাবি করায় সৌদি আরব সরকার কয়েকশ’ জনকে গ্রেপ্তার করেছে।
ফেব্রুয়ারি থেকে সৌদি সরকার পূর্বাঞ্চলীয় প্রদেশে ব্যাপক ধরপাকড়, দমনাভিযান চালিয়েছে।
মার্চ মাসে কাতিফ, আহসা ও আওয়ামিয়াতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ৩শ’র বেশি মানুষ আটক হয়েছে।
অন্যায়ভাবে বিচার করে বিশিষ্ট সংস্কারবাদীদের দীর্ঘ সাজাও দেওয়া হয়েছে। গত সপ্তাহে বিশিষ্ট নয়জন সংস্কারবাদীসহ ১৬ জনকে ৫-৩০ বছরের বিভিন্ন মেয়াদী সাজা দেওয়া হয়েছে।
আ্যামনেস্টি জানায়, বিচার চলাকালে তাদের চোখ বাঁধা ছিলো, পরানো ছিলো হাতকড়া। এছাড়া প্রথম তিনটি শুনানিতে তাদের আইনজীবীদেরকে আদালতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি।
সৌদি আরবে বিক্ষোভের ওপর স্থায়ী জাতীয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেব্র“য়ারিতে বিক্ষিপ্ত প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।
অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক ফিলিপ লুথার বলেন, “দেশজুড়ে সংস্কারের যে দাবি উঠেছে তা দমাতে শান্তিকামী বিক্ষোভকারী ও রাজনৈতিক সংস্কারের সমর্থকদের আটক করছে সরকার।”
প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাস এবং এর সঙ্গে জাড়িত অভিযোগে হাজার হাজার মানুষ গ্রেপ্তার চলছে। তাছাড়া, বন্দি নির্যাতন এবং তাদের সঙ্গে খারপ আচরণের অভিযোগও আছে।
তবে সৌদি আরব এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮০৬ঘ.
bdnews24