নিউ ইয়র্ক, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রতিশ্র“ত ‘পরিবর্তন ও আশাবাদ’ স্লোগানের ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি আবেদন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার নিউ ইয়র্কে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের অবস্থার পরিবর্তনে তার আরো সময় প্রয়োজন বলে এসময় মন্তব্য করেন তিনি।
ওই অনুষ্ঠান থেকে নিজেরসহ ডেমোক্র্যাটিক পার্টির অন্যান্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রচারণার ব্যয় হিসেবে তিনি ২০ লাখ ডলার সংগ্রহ করেন।
অনুষ্ঠানে তিনি ওয়াশিংটনের আইন পরিষদে বিরাজমান অচলাবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন। অচলাবস্থার কারণে তার দৃষ্টিভঙ্গীর যথাযথ প্রয়োগ হচ্ছে না বলেও অভিযোগ করেন ওবামা।
“ওয়াশিংটনে এসব কিছু হওয়ার পর, এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হবে যে আমরা যে ভাবে মনে করি সেভাবে পরিবর্তন সম্ভব নয়,” সমর্থকদের উদ্দেশ্যে বলেন তিনি।
বক্তৃতায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি তার বর্তমান মেয়াদের সাফল্য হিসেবে স্বাস্থ্যখাত, ইরাক যুদ্ধ শেষ করা, আল কায়েদার সাথে যুদ্ধ শেষ করা ইত্যাদি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি, পরিবেশ ও অন্যান্য ইস্যুতে সাফল্য পেতে দ্বিতীয়বার তার নির্বাচিত হওয়া দরকার বলে উল্লেখ করেন ওবামা। এসব বিষয়ে সাফল্য পেতে আরো কয়েক বছর সময় প্রয়োজন বলে তিনি দাবি করেন।
তিনি সমর্থকদের সতর্ক করে বলেন, উল্লেখিত বিষয়ে সাফল্য পেতে আশাবাদী হয়ে আরো কয়েক বছর ধৈর্য্য ধরতে হবে, আশা হারালে, বিরোধী দল ক্ষমতায় এলে, তাদের ঝুঁকি অনেক বেড়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৭ ঘ.
bdnews24