২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ সিরীয়র ওপর আরব লিগের ভ্রমণ নিষেধাজ্ঞা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাইসহ সরকারের মন্ত্রী, গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা মিলিয়ে ১৭ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 11:47 AM

Updated : 26 Apr 2022, 12:00 AM

কায়রো, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাইসহ সরকারের মন্ত্রী, গোয়েন্দা ও সামরিক কর্মকর্তা মিলিয়ে ১৭ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব লিগ। সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযান বন্ধ না হওয়ায় শাস্তিস্বরূপ দেশটিকে আরব লিগ থেকে বহিস্কার করা এবং অর্থনৈতিক অবরোধ আরোপের পর এবার এ ভ্রমণ নিষেধাজ্ঞা চাপানো হলো। আরব লিগের একটি কমিটি সিরিয়ার ১৭ জনের নামের তালিকা তৈরি করে আরব দেশগুলোতে তাদের ভ্রমণ নিষিদ্ধ করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট আসাদের ভাই মেহের আল আসাদ ছাড়াও সিরিয়ার প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা আছে। মেহের আল আসাদ সিরিয়ার রিপাবলিকান গার্ড বাহিনীর কমান্ডার। তিনি সিরিয়ায় দ্বিতীয় শীর্ষ প্রভাবশালী ব্যক্তি। মেহের ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় আছে আসাদের জ্ঞাতিভাই এবং সিরিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ীর নামও। মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বৃহস্পতিবার জানায়, নামের এই তালিকা ও অন্যান্য সুপারিশমালা শনিবার দোহায় আরব লিগের মন্ত্রীদের বৈঠকে পেশ করবে সিরিয়া বিষয়ক ওই কমিটি। অন্যান্য নিষেধাজ্ঞার আওতায় কমিটি ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে সিরিয়া এবং আরব দেশগুলোর মধ্যে ফ্লাইট নিষিদ্ধেরও প্রস্তাব করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৯ঘ.