ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেইনের সাথে এক বৈঠকে মিলিত হবেন। বুধবার বিকেলে হিলারি তিনদিনের এক ঐতিহাসিক সফরে মিয়ানমারের রাজধানী নাই পাই তাও পৌঁছান।
১৯৫৫ সালের পর যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম মিয়ানমার সফর এটি।
মিয়ানমার সরকার প্রতিশ্র“ত সংস্কারের বাস্তবায়ন দেখতেই এ সফর বলে মিয়ানমারে পৌঁছেই জানান হিলারি।
থিয়েন সেইনের সাথে বৈঠকে হিলারি মিয়নমারের চলামান সংস্কার কর্মসূচী নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে বিবিসি। আলোচনায় সংস্কার কর্মসূচী আরো গতিশীল করার জন্য তিনি মিয়ানমার সরকারেকে চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
স্বৈরতান্ত্রিক মিয়ানমারের শীর্ষ ক্ষমতাধরদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। কিন্তু চলতি বছর মিয়ানমারের শাসকেরা ধারাবাহিক রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশটির কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
পরিবর্তিত এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বদলে মিয়ানমারের সাথে সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বলেই অনুমান করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, হিলারির সফরের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র মিয়ানমারে পূর্ণাঙ্গ দূতাবাস খুলতে পারে।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট থিয়নের সাথে বৈঠকের আগে হিলারি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মায়ুং লউয়িনের সাথে বৈঠক করেন।
হিলারির মিয়ানমার সফর মিয়ানমারের সংস্কার কর্মসূচীর একটি পুরস্কার আর এটি চলমান রাখার প্রণোদনা বলে মনে করেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট থিয়েন সেইনের সাথে বৈঠক শেষে হিলারি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সাথে সাথে মিলিত হতে ইয়াঙ্গুন রওনা হবেন।
চলতি বছর দেশের বেশ কিছু রাজবন্দীকে মুক্তি দেওয়াসহ গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চিকেও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দেয় মিয়ানমার সরকার। দেশটি দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকলেও গত নভেম্বরে নির্বাচনের মাধ্যমে সেনা সমর্থিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সামরিক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৩ ঘ.
bdnews24