২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় তুরস্কের অর্থনৈতিক নিষেধাজ্ঞা

সিরিয়ায় রক্তক্ষয়ী বিক্ষোভ দমনাভিযানের শাস্তিস্বরূপ দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

বৈরুত, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় রক্তক্ষয়ী বিক্ষোভ দমনাভিযানের শাস্তিস্বরূপ দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, দামেস্কের সঙ্গে অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেবে তার দেশ। সেইসঙ্গে জব্দ করা হবে সিরিয়ার সরকারি সম্পদও। তিনি বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার পথের শেষ মাথায় পৌঁছেছে। সিরিয়ায় সহিংসতা বৃদ্ধির আশঙ্কায়ও উদ্বিগ্ন প্রতিবেশী দেশ তুরস্ক। সিরিয়া পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠলে তুরস্কের দিকে শরণার্থির ঢল নামতে পারে। একারণে তুরস্কের সীমান্ত অঞ্চলের রাজ্যগুলোতে একটি ‘বাফার জোন’ গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলেও মনে করছে দেশটি। অন্তর্জাতিক চাপের মুখেও সহিংসতা চলছেই সিরিয়ায়। মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহীদের বাহিনী সেনাবাহিনীর একটি গাড়ির ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে তিন সরকার অনুগত সেনাকে হত্যা করেছে এবং দুজন সেনাকে আটক করেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস’। অপরদিকে, সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে সিরিয়ার ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, “ইদলিব প্রদেশের সারাকিব শহরে সরকারি বাহিনীর একটি গাড়ি টহল দেওয়ার সময় এর ওপর চোরাগোপ্তা হামলা চালায় সেনাবাহিনীর পক্ষত্যাগকারী সেনাদের একটি বিদ্রোহী বাহিনী।” হামলায় তিন সরকারি সেনা নিহত এবং অপর দুজনকে আটক করা হয়। এরপর সরকারি বাহিনীর প্রতিশোধমূলক হামলায় সারাকিবে একজন বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়। এছাড়া, হোমস শহরের একটি চেক পয়েন্টে আট বছর বয়সী এক বালিকাকে হত্যা করে সরকারী বাহিনী। আর দামেস্কর বাইরে রিনকউস এলাকায় দুজন আহত ব্যক্তি মারা যায় এবং অপর একজন ৩৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার এড়িয়ে পালানোর সময় লক্ষ্যভেদিদের গুলিবর্ষণে নিতহ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২০ঘ.