২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি সেনাদের মৃত্যু ‘ট্র্যাজেডি’: ওবামা

ন্যাটো হামলায় পাকিস্তানি সেনা নিহতের ঘটনাকে ‘ট্র্যাজেডি’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনাটিকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাটো হামলায় পাকিস্তানি সেনা নিহতের ঘটনাকে ‘ট্র্যাজেডি’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনাটিকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি সোমবার এক সংবাদ সম্মেলনে ন্যাটো হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ প্রতিক্রিয়া তুলে ধরেন। পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডন’ এ খবর দিয়েছে। তিনি বলেন, “হামলায় নিহত পাকিস্তানি সেনাদের ‘অত্যন্ত সাহসী পেশাদার সেনা’ হিসাবে বর্ণনা করে তাদের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন ওবামা ।” আফগানিস্তানে মোতায়েন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিন্ট্যান্স ফোর্সের (আইএসএএফ) এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের মোট দুটি দল ঘটনাটি তদন্ত করছে জানিয়ে কার্নি বলেন, “যুক্তরাষ্ট্র বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে।” যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে জটিলতার মধ্যেও গুরুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক Ÿহাল থাকবে বলে জানান কার্নি। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক অটুট রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরা যৌথ অংশীদার।” এর আগে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো লেনদেন নয়’ বলে ঘোষণা দিলেও মিত্রতা ভেঙে দেওয়ার মতো হুমকি দেওয়া বন্ধ করে। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ক্ষোভ প্রশমিত করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর চেষ্টার মধ্যেই আফগানিস্তানে মোতায়েন ১ লাখ ৪০ হাজার সেনার বহুজাতিক বাহিনীর প্রধান রসদ সরবরাহ পথ বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেওয়াকে পাকিস্তান ‘প্রতিশোধমূলক নয়’ বললেও এ ঘটনায় যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক আরো নাজুক হয়ে উঠেছে। ওদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা তিনজন আফগান কর্মকর্তা ও একজন পশ্চিমা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, তালেবানদের হামলা থেকে বহুজাতিক বাহিনীকে রক্ষার জন্যই ওই আকাশ হামলা চালানো হয়। এতে এও অভিযোগ করা হয় যে, ন্যাটো ও আফগান বাহিনীকে লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি থেকে গুলিবর্ষণ করা হয়েছিলো। অপর এক আফগান কর্মকর্তা জানান, আফগান সরকার মনে করে, জঙ্গিদের দিক থেকে নয়, পাকিস্তানি সেনা ঘাঁটি থেকেই ন্যাটো বাহিনীর ওপর গুলিবর্ষণ করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৪ঘ.