ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ নিয়ে তুমুল বিতর্কের মুখে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভা সোমবার পদত্যাগ করেছে।
সরকারের পক্ষে থাকার জন্য ১৫ জন আইন প্রণেতাকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পরে প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ বেশ চাপের মুখে ছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
এ মাসের শুরুর দিকে শেখ নাসেরের পদত্যাগের দাবিতে পার্লামেন্টে বিক্ষোভ করে বিরোধী দলীয় আইন প্রণেতাসহ অনেক মানুষ।
তবে নতুন মন্ত্রিসভা গঠিত হওয়া পর্যন্ত নিজ দায়িত্ব পালন করবেন শেখ নাসের।
কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানায়, শেখ নাসেরের পদত্যাগপত্র কুয়েতের আমির গ্রহণ করেছেন।
কুয়েতের আমিরই দেশটির প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন।
শেখ নাসেরের এক বিবৃতির বরাত দিয়ে চ্যানেলটি জানায়, জাতীয় স্বার্থের কথা এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রিসভা পদত্যাগ করেছে।
শেখ নাসেরের পদত্যাগকে স্বাগত জানিয়ে একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটির বিরোধীদল।
বিরোধী দলীয় সদস্য খালেদ আল-সুলতান বলেন, আমরা নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
মধ্যপ্রাচ্যের দেশগুলো গণবিদ্রোহের জোয়ার বেশ কঠোরভাবেই নিয়ন্ত্রণ করেছিলো কুয়েত। তবে স¤প্রতি দুর্নীতির অভিযোগ উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতি সপ্তাহেই আইনসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে জনগণ। গত ১৬ নভেম্বর মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে আইনসভা দখলের চেষ্টা চালায় বিক্ষাভকারীরা।
এ ঘটনায় অন্তত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করেন আমির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৭ ঘ.
bdnews24