২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যালিনের মেয়ে অ্যালিলুয়েভা মারা গেছেন

সাবেক সোভিয়েত শাসক জোসেফ স্ট্যালিনের একমাত্র মেয়ে সভেতলানা অ্যালিলুয়েভা আর নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে ২২ নভেম্বর ৮৫ বছর বয়সে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 08:06 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

শিকাগো, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক সোভিয়েত শাসক জোসেফ স্ট্যালিনের একমাত্র মেয়ে সভেতলানা অ্যালিলুয়েভা আর নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে ২২ নভেম্বর ৮৫ বছর বয়সে তিনি মারা যান। তিনি মলাশয় ক্যান্সারে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সভেতলানা অ্যালিলুয়েভার অন্য নাম লানা পিটার্স। ১৯৬৭ সালে তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ত্যাগ করেন। তিনি চারটি বই লিখেছেন। সেগুলোর মধ্যে দুটি স্মৃতিকথা রয়েছে, যেগুলো বিপুল সংখ্যক বিক্রির রেকর্ড অর্জন করে। যুক্তরাষ্ট্রে আসার পর লানা পিটার্স জানান, নিজেকে প্রকাশ করার জন্যেই তিনি এখানে এসেছেন, যা রাশিয়ায় থেকে সম্ভব নয়। সোভিয়েত ইউনিয়ন ছাড়ার পেছনে আরো একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে বলে মনে করা হয়। সেটি হচ্ছে তার প্রয়াত স্বামী ব্রিজেশ সিং-এর যথাযথ চিকিৎসার ব্যবস্থা সোভিয়েত কর্তৃপক্ষ করেনি। ১৯৬৬ সালে তিনি ভারতে গিয়ে ব্রিজেশের ছাইভস্ম গঙ্গায় বিসর্জন দিয়ে আসেন। এরপর সোভিয়েত ইউনিয়নে ফেরার পরিবর্তে তিনি রাজনৈতিক আশ্রয়ের খোঁজে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে হাজির হন। তার প্রথম স্মৃতিকথা, ‘টোয়েন্টি লেটার টু এ ফ্রেন্ড’ ১৯৬৭ সালে প্রকাশিত হয়। এই স্মৃতিকথা থেকে তিনি আয় করেন প্রায় ২৫ লাখ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে স্থপতি উইলিয়াম ওয়েসলে পিটারকে বিয়ে করার পর তিনি লানা পিটার নাম ধারণ করেন। ১৯৭৩ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরআগে সোভিয়েত ইউনিয়নে থাকাকালীন তিনি তিনবার বিয়ে করেছিলেন। ১৯৮০’র দশকে সোভিয়েত ইউনিয়নে যান তিনি। তখন যুক্তরাষ্ট্রে ফিরতে অস্বীকৃতি জানালেও কিছুদিন পর তিনি আবারও ফিরে আসেন মার্কিন মুলুকে। নিজের ওপর তার পিতার ছায়াকে তিনি খুব ভালোভাবে নিতেন না। একবার তিনি বলেছিলেন, “লোকজন আমাকে বলে, স্ট্যালিনের মেয়ে, স্ট্যালিনের মেয়ে, অর্থাৎ তাদের ধারণা আমি রাইফেল নিয়ে আমেরিকানদের হত্যা করার জন্য ঘুরছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৯ ঘ.