ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার সাবেক বিদ্রোহীরা এখনো প্রায় ৭ হাজার বন্দিকে আটক করে রেখেছে বলে দাবি করেছে জাতিসংঘ। এই বন্দিদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
সোমবার লিবিয়ার ওপর প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ এ অভিযোগ করে বলে বিবিসি জানায়।
প্রতিবেদনটিতে বলা হয়, লিবিয়ার সাবেক বিদ্রোহীদের হাতে বন্দিদের অধিকাংশই সাহারা মরুভূমির আশপাশের অধিবাসী। গাদ্দাফির ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করছিলো সন্দেহে এদের আটক করা হয়।
সংখ্যায় প্রায় ৭ হাজার বন্দিকে অস্থায়ী বিভিন্ন বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে। অধিকাংশ বন্দিশিবির লিবিয়ার বিপ্লবী ব্রিগেডগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
এসব বন্দিদের দায়িত্বে কোন নিয়মিত পুলিশ বাহিনী না থাকা ও আদালতের অনুপস্থিতির কারণেই তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করে জাতিসংঘ।
তবে বিষয়টি তদারক করতে লিবিয়ার নতুন সরকারকে বলা হলে তারা এ বিষয়ে অনুকূল সাড়া দিয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ।
আট মাসের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর লিবিয়ার পরিস্থিতি নিয়ে এটাই জাতিসংঘের প্রথম পর্যালোচনা প্রতিবেদন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রতিবেদনটি তৈরি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৯ ঘ.
bdnews24