ইসলামাবাদ, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্তে ন্যাটো হামলায় ২৪ পাক সেনা নিহতের ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান আফগানিস্তানে সহযোগিতা কমানোর হুমকি দিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আতহার আব্বাস সোমবার ন্যাটোর বিরুদ্ধে আফগান শান্তি প্রচেষ্টায় সহযোগিতা বহুলাংশে কমানোর এ হুমকি দেন।
তিনি বলেন, এ ঘটনায় আফগানিস্তান যুদ্ধে আমাদের সহযোগিতার দিক থেকে ন্যাটো মারাত্মক পরিণতির মুখে পড়বে।
আফগান যুদ্ধ শেষের এ সময়ে পাকিস্তানের এ হুমকিতে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার মিশনে ন্যাটোর ওপর চাপ আরো বাড়লো।
সেইসঙ্গে ছেদ পড়লো ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে জটিলতা কাটানোর চেষ্টাতেও।
গত শুক্রবার রাত ২টার দিকে আফগানিস্তানের কুনার প্রদেশের পাকিস্তান সীমান্তে একটি সেনা চৌকিতে ন্যাটো বাহিনীর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ পাক সেনা নিহত হয়।
ন্যাটো এ ঘটনাকে “অনিচ্ছাকৃত বিপর্যয়কর দুর্ঘটনা” দাবি করে বলেছে, ঘটনাটি অনুসন্ধান করে দেখা হচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কর্মকর্তা ও এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের অপর পাশ থেকে আসা গুলির জবাবে ন্যাটো সেনারা এ হামলা চালিয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এ ধরনের কোনো কিছু করার কথা অস্বীকার করেছে।
আব্বাস বলেছেন, “একথা সত্য নয়। তারা অজুহাত দিচ্ছে।”
হামলার ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে ন্যাটো যে দুঃখ প্রকাশ করেছে তাও যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আব্বাস। এ ঘটনা মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে তিনি সতর্ক করে দেন।
এ ধরনের কর্মকাণ্ড অতীতেও ঘটেছে- একথা স্মরণ করিয়ে দিয়ে আব্বাস বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি আর সহ্য করা হবে না বলেই মনে করেন তিনি।
ন্যাটো হামলার পাল্টা জবাবে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য বন্ধ হয়ে যাওয়া রসদ সরবরাহ খুব শিগগিরই আর শুরু হবে না বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির স্থানীয় এক নেতা জাঙ্গরিজ খান বলেছেন, আমাদের অবিলম্বে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেওয়া উচিত।
জং পত্রিকায় তিনি বলেন, “ আমাদেরকে এই স্পষ্ট বার্তাই দিতে হবে যে, আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের সীমানায় বিদেশি বাহিনীর আর একটি বুলেটও আঘাত হানলে এর জবাবে দুটো বুলেট ছোড়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯২৯ঘ.
bdnews24