২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব লিগের নিষেধাজ্ঞার মুখেও দমনাভিযান সিরিয়ায়

সরকার বিরোধী বিক্ষোভ সহিংস পন্থায় দমনের শাস্তি হিসাবে সিরিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে আরব লিগ। তবুও রক্তক্ষয় বন্ধ হয়নি সিরিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

আম্মান, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার বিরোধী বিক্ষোভ সহিংস পন্থায় দমনের শাস্তি হিসাবে সিরিয়ায় নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে আরব লিগ। তবুও রক্তক্ষয় বন্ধ হয়নি সিরিয়ায়। নিষেধাজ্ঞার মুখে মধ্যপ্রাচ্যে নিঃসঙ্গ হয়ে পড়েছে সিরিয়ার আসাদ নেতৃত্বাধীন সরকার। তারপরও দেশটিতে আন্দোলনকারী হত্যা চলছে। রোববার আরো ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই রাজধানী দামেস্কে সরকারবিরোধী বিক্ষোভ করার সময় সরকারী বাহিনীর গুলিতে নিহত হয়। আর বাকীরা হোমস প্রদেশের বিভিন্ন শহরে সরকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি বলেছেন, নিষেধাজ্ঞায় সিরিয়া পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে মানবিক দিক বিবেচনায় হত্যাকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব। রোববার কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। থানি আরো বলেন, “একজন শাসক যখন তার নাগরিকদের হত্যা করে তখন তার ক্ষমতার কোনো মূল্য থাকে না।” কায়রো বৈঠকে আরবলীগের ২২ সদস্যের মধ্যে ১৯ সদস্য সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির পক্ষে ভোট দিয়েছে। আরোপিত নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে, আরবদেশগুলোতে থাকা আসাদ সরকারের সম্পদ জব্দ করা হবে, সিরিয়ায় আরব বিনিয়োগ বন্ধ থাকবে এবং সিরিয়ার কেন্দ্রিয় ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। বৈঠকে আরবলীগের বাইরের দেশ তুরস্কের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞার কয়েকটি ধারা সমর্থন করেছে বলে জানিয়েছেন আল থানি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে। আরব লিগ সিরিয়াকে লিবিয়ার ভাগ্য বরণ করা থেকে বাঁচাতে চাইছে বলে জানিয়েছেন থানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২১ঘ.