২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আরব লিগের নিষেধাজ্ঞা

সিরিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানের শাস্তিস্বরূপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

কায়রো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানের শাস্তিস্বরূপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আরব লিগ। এর আওতায় সিরিয়ার সম্পদ জব্দ করাসহ বিনিয়োগও বন্ধ করা হবে। সিরিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আরোপ হবে ভ্রমণ নিষেধাজ্ঞা। কায়রোর বৈঠকে রোববার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা নজিরবিহীন এ নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদন করেছেন। আরব লিগের ২২ সদস্যের ১৯ জনই নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে। কাতারের মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। এর আগে, সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনে সিরিয়া সরকারের ভূমিকার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধে তিনদিনের সময় বেঁধে দেয় আরবলীগ। পরিস্থিতি পর্যাবেক্ষণে ৪শ প্রতিনিধিকে সিরিয়ায় পাঠাতে চায় সংগঠনটি। এর মধ্যে সহিংসতা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হ্্্ুিশয়ারি দেওয়া হয়। বেঁধে দেয়া সময়সীমা পার হলেও সহিংসতা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি সিরিয়ার আসাদ সরকার। আর আরবলীগের মাত্র ৪০ জন প্রতিনিধিকে পর্যবেক্ষক হিসেবে ঢোকার অনুমতি দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে এ কঠোর পদক্ষেপ নিচ্ছে আরবলীগ। “এর আওতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার সংশ্লিষ্ট সব সম্পদ জব্দ হবে। উর্ধ্বতন কর্মকর্তারা ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বেন। সিরিয়ার সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হবে। বন্ধ হবে বিনিয়োগ,” এক সংবাদ সম্মেলনে একথা বলেন কাতারের প্রধামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসীম আল থানি। সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলনের কয়েক মাস পর আরব লীগ এ পদক্ষেপ নিলো।জাতিসংঘের তথ্য অনুযায়ী, সরকার বিরোধী বিক্ষোভের দমনাভিযানে সিরিয়ায় প্রায় ৩ হাজার ৫০০ জন নিহত হয়েছে। তাই সিরিয়াকে শায়েস্তা করতেই সর্বশেষ এ নিষেধাজ্ঞা। কিন্তু সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালে¬ম অভিযোগ করেছেন, আরব লীগ সিরিয়ার সংঘর্ষকে “আন্তর্জাতিকীকরণ” করছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ নিষেধাজ্ঞাকে “সিরিয়ার জনগণের ওপর অপ্রত্যাশিত পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন।” অন্যদিকে, সিরিয়ায় সংঘর্ষ এখনো চলছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, রোববার সংঘর্ষে সারদেশে কমপক্ষে আটজন নিহত হয়েছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ঘ.