কায়রো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে জাতীয় ঐক্য সরকারের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ এল বারাদি।
এতে করে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জনদাবির মুখে চাপে থাকা মিশরের সেনা শাসকদের ওপর চাপ আরো বাড়লো।
মিশরে নির্বাচন প্রক্রিয়ার তদারকিতে ক্ষমতাসীন সামরিক পরিষদের পরিবর্তে একটি বেসামরিক প্রশাসনের নেতৃত্বে এলবারাদিকেই চাইছে বিক্ষোভকারী কয়েকটি দল।
গণতন্ত্রপন্থি-আন্দোলনকারীদের মধ্যে এল বারাদির কদর আছে। কিন্তু তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটানোয় অনেকেই তাকে জনগণ বিচ্ছিন্ন মনে করে।
কিন্তু মিশরের বিক্ষোভকারীরা সামরিক শাসকদের সদ্যঘোষিত প্রধানমন্ত্রী গানজুরির নিয়োগ প্রত্যাখান করার পর এল বারাদি অন্তর্র্বতী সরকারের নেতৃত্ব দেওয়ার এ প্রস্তাব দিলেন।
এ ব্যাপারে এল বারাদি বিপ্লবী যুব জোট ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন।
বারাদির পক্ষের নির্বাচনী প্রচারকর্মীরা শনিবার দিনশেষে জানিয়েছে, বারাদি অন্তর্র্বতী সরকারের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে তিনি আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াবেন না।
এক বিতৃতিতে তারা জানায়, অন্তর্র্বতী সময়ের জন্য পুরোপুরি নিরপেক্ষ একটি সরকার গঠনের জন্য বারাদিকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলে তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর চেষ্টা বাদ দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫০ঘ.
bdnews24