২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে পাকিস্তান

ন্যাটো হামলায় ২৪ সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট ও ন্যাটোর সঙ্গে সব ধরনের সহযোগিতার সম্পর্ক পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাটো হামলায় ২৪ সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট ও ন্যাটোর সঙ্গে সব ধরনের সহযোগিতার সম্পর্ক পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে এই হামলা চালায় আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী। আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে পাকিস্তানের মোহমান্দের বাইজাই এলাকায় তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইরত পাকিস্তানি সেনাদের ওপর হেলিকপ্টার ও যুদ্ধবিমান থেকে ওই হামলা চালানো হয়। হামলায় পাকিস্তানের ২৮ জন সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে দেশটির দুই সেনা কর্মকর্তা জানান। তবে সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতের সংখ্যা ২৪ এবং আহতের সংখ্যা ১৩ বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই হামলাকে “পাকিস্তানের স্বার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন” বলে নিন্দা জানিয়েছেন। শনিবার গিলানির ডাকে মন্ত্রিপরিষদের প্রতিরক্ষা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও আফগানিস্তানে মোতায়েন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিন্ট্যান্স ফোর্স (আইএসএএফ) এর সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা কার্যক্রম পুনর্বিবেচনার সিদ্ধান্তহয়। এ হামলার ফলে ইতোমধ্যেই বিভিন্ন ঘটনায় তিক্ত হয়ে ওঠা পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক মারাত্মক হুমকির মধ্যে পড়েছে বলেই মত বিশ্লেষকদের। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেত্তা এক যৌথ বিবৃতিতে ‘প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন’ এবং এ ঘটনার দ্রুত তদন্তের জন্য ন্যাটোকে নির্দেশ দেওয়ার প্রতিশ্র“তি দেন। বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্র-পাকিস্তানের যৌথ অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। শনিবার প্রধানমন্ত্রী গিলানির নেতৃত্বধীন এক কমিটি পাকিস্তান থেকে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহের সব পথ বন্ধ করার নির্দেশ দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে “হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ন্যাটো/আইএসএএফ’র কৌশলগত সরবরাহ পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে” বলে জানানো হয়। ন্যাটোর এক মুখপাত্র জানান, আফগানিস্তানে ন্যাটোর জন্য প্রয়োজনীয় রসদের ৪৯ শতাংশই পাকিস্তানের ওপর দিয়ে পাঠানো হয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের সঙ্গে গাটছড়া বাঁধে ইসলামাবাদ। তারপর থেকে এখন পর্যন্ত উভয়পক্ষের স্বার্থবিরোধী বিভিন্ন ঘটনায় দুপক্ষের সম্পর্ক নাজুক হয়ে ওঠে। গত ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়া নিয়ে দুদেশের সম্পর্কে প্রথম প্রকাশ্য টানাপোড়েন দেখা দেয়। গত বছর একই সীমান্তের কাছাকাছি আর একটি অঞ্চলে মার্কিন হেলিকপ্টারের হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার জেরে ন্যাটোর রসদ সরবরাহের পথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এরপরও পাকিস্তান সীমান্তে ড্রোন হামলা, হাক্কানি নেটওয়ার্কের তৎপরতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে দুদেশের মতপার্থক্য চরমে পোঁছে। এমন অবস্থায় পাকিস্তানি সেনাদের ওপর নতুন এ হামলা দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো নাজুক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৫০০ ঘ.