২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ন্যাটো হামলায় ‘মর্মাহত’ চীন

ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহতের ঘটনায় “গভীরভাবে মর্মাহত” বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীন। পাকিস্তানের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে চলার আহ্বান জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বেইজিং, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় পাকিস্তানের ২৪ সেনা নিহতের ঘটনায় “গভীরভাবে মর্মাহত” বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীন। পাকিস্তানের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে চলার আহ্বান জানিয়েছে তারা। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র হং লেই বলেন, “হামলার ঘটনায় চীন গভীরভাবে মর্মাহত। তারা নিহতদের জন্য শোকাহত এবং পাকিস্তানকে নিয়ে উদ্বিগ্ন।” “চীন বিশ্বাস করে, পাকিস্তানের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব এবং ভৌগলিক অখন্ডতাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত এবং ঘটনাটির নিবিড় তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।” গত শুক্রবার রাত ২টার দিকে আফগানিস্তানের কুনার প্রদেশের পাকিস্তান সীমান্তে একটি সেনা চৌকিতে ন্যাটো বাহিনীর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ পাক সেনা নিহত হয়। ন্যাটো এ ঘটনাকে “অনিচ্ছাকৃত বিপর্যয়কর দুর্ঘটনা” দাবি করে বলেছে, ঘটনাটি অনুসন্ধান করে দেখা হচ্ছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কর্মকর্তা ও এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের অপর পাশ থেকে আসা গুলির জবাবে ন্যাটো সেনারা এ হামলা চালিয়েছে। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এ ধরনের কোনো কিছু করার কথা অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪২ঘ.