কায়রো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংসতা বন্ধ না করায় সিরিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক চ্ছিন্ন এবং সম্পদ জব্দ করার পরিকল্পনা করেছে আরবদেশগুলো। অপরদিকে, নতুন করে সহিংসতায় সিরিয়ায় আরো ৪২ জন নিহত হয়েছে।
শনিবার মিশরের রাজধানী কায়রোতে আরবলীগের অর্থনৈতিক কমিটির এক বৈঠকে সিরিয়ার বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার আরবলীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পরিকল্পনাটি অনুমোদন হতে পারে।
এর আগে, সরকারবিরোধী আন্দোলনকারীদের দমনে সিরিয়া সরকারের ভূমিকার নিন্দা জানিয়ে সহিংসতা বন্ধে তিনদিনের সময় বেঁধে দেয় আরবলীগ। পরিস্থিতি পর্যাবেক্ষণে ৪শ প্রতিনিধিকে সিরিয়ায় পাঠাতে চায় সংগঠনটি। এর মধ্যে সহিংসতা বন্ধ না হলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
বেঁধে দেয়া সময়সীমা পার হলেও সহিংসতা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি সিরিয়ার আসাদ সরকার। আর আরবলীগের মাত্র ৪০ জন প্রতিনিধিকে পর্যবেক্ষক হিসেবে ঢোকার অনুমতি দেওয়া হয়।
এর প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা প্রকাশ করলো আরবলীগ।
আরবদেশগুলোর বাণিজ্য নিষেধাজ্ঞা শুরু হলে সিরিয়ার অর্থনীতি গভীর সংকটে পড়বে। পাশাপাশি আঞ্চলিকভাবেও নিঃসঙ্গ হয়ে যাবে দেশটি।
এছাড়া সিরিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হবে। সিরিয়ার সাথে আরব বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত থাকবে।
নিষেধাজ্ঞা কার্যকর হলে সিরিয়ার কেন্দ্রিয় ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে সিরিয়ার নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহ এর বাইরে থাকবে।
সিরিয়ার মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, শনিবার সরকারী বাহিনীর হাতে নিহত হয়েছে আরো ২৭ জন বেসামরিক নাগরিক। এদের অধিকাংশই হমস ও কুসেইর শহরে সরকারী বাহিনীর গুলিতে মারা যান বলে জানায় সংগঠনটি।
ওদিকে, সেনাবাহিনীর পক্ষত্যাগী বিদ্রোহী সেনাদের হামলায় সরকারী বাহিনীর ১২ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সরকারী সেনাদের একটি বহর মারাত আল নুমান শহরের দিকে যাওয়ার সময় তাতে হামলা চালায় বিদ্রোহী সেনারা। এখানে লড়াইয়ে ৩ বিদ্রোহী সেনাও নিহত হয়েছে বলে জানা গেছে।
সিয়িয়ায় বিদেশী গণমাধ্যমগুলোর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি থাকায় বিভিন্ন সূত্রে পাওয়া খবরগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৩৫ ঘ.
bdnews24