২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোখ শিকারী’ মিশরীয় পুলিশ

বিক্ষোভ দমনে ভিন্নধর্মী এক কৌশল নিয়েছে মিশরের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি অন্তত পাঁচজন বিক্ষোভকারী চোখে রবার বুলেটবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

কায়রো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ দমনে ভিন্নধর্মী এক কৌশল নিয়েছে মিশরের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি অন্তত পাঁচজন বিক্ষোভকারী চোখে রবার বুলেটবিদ্ধ হয়েছে। দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনীর সর্বোচ্চ পরিষদের বিরুদ্ধে চলমান আন্দোলনে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে এ নিষ্ঠুরতা চালায় নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীর চোখ লক্ষ্য করে রবার বুলেট ছোড়ার জন্য সন্দেহভাজন এক পুলিশ কর্মকর্তাকে শুক্রবার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন মিশরের প্রধান সরকারি আইন কর্মকর্তা। তার মুখপাত্র আদেল সাঈদ সিএনএনকে বলেন, “সর্বশেষ ঘটনাগুলো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ উদ্বিগ্ন। তবে শিগগিরই তাকে জবাব দিতে আসতে হবে।” পুলিশ কর্মকর্তা ফার্স্ট লেফটেন্যান্ট মাহমুদ সবহি আল শিনায়িকে এ ঘটনার জন্য সন্দেহ করা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, বিক্ষোভকারীদের ধারণ করা ভিডিওতে শিনায়ির বিরূদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ভিডিওগুলো ফেইসবুকে তুলে দেওয়া হয়েছে। সরকারি হিসাবে অন্তত পাঁচজন বিক্ষোভকারী পুলিশের ছোড়া রবার বুলেটে চোখ হারিয়েছে বলে জানান তিনি। পুলিশ কর্মকর্তা শিয়ানিকে ‘চোখ শিকারী’ নাম দিয়েছে বিক্ষোভকারীরা। তাহরির স্কয়ারের চারপাশের দেওয়ালে শিয়ানির মুখের অবয়ব একে পাশে নাম ও পদবী তুলে ধরে ‘ওয়ান্টেড’ লিখে রেখেছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফার্স্ট লেফটেন্যান্ট আলা মাহমুদ সিএনএনকে বলেন, সা¤প্রতিক বিক্ষোভ-সহিংতার সময় কায়রোর মোহামেদ মাহমুদ স্ট্রিটে দায়িত্ব পালন করেন আল শিয়ানি এবং তিনি গুলিবর্ষণ করে নির্ভুল লক্ষ্যভেদে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত কিছু বলেননি তিনি। স¤প্রতি পুলিশের ছোড়া রবার বুলেটে চোখ হারিয়েছেন আহমেদ হারারা। গত জানুয়ারিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে আন্দোলনের সময়ও এক চোখ হারিয়েছিলেন তিনি। গত রোববার মাহমুদ স্ট্রিটে বিক্ষোভ করতে গিয়ে অপর চোখ হারিয়েছেন তিনি। হারারা বলেন, শনিবার বিকাল ৩টার দিকে তিনি তাহরির স্কয়ারে যান এবং “সামনের কাতারে থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।” “রোববার ভোর রাত ৩টার দিকে আমার চোখে রবার বুলেট লাগে। সাত থেকে ১০ মিটার দূর থেকে ওই বুলেট ছোড়া হয়।” মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম শিহা বলেন, গত সপ্তাহে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ৪১ জনের মতো নিহত হয়েছে। এদের মধ্যে ৩৩ জনই কায়রোয় নিহত হয়েছে। এছাড়া শুক্রবারের সংঘর্ষে আরো ৩ হাজার ২৫০ জন আহত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/এমআই/২০৫৬ ঘ.