রাবাত, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর আফ্রিকার দেশ মরক্কোর পার্লামেন্ট নির্বাচনে উদারপন্থী ইসলামি দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজিডি) নিজেদের জয়ী বলে দাবি করেছে। তাদের এই দাবি সত্য হলে প্রতিবেশী রাষ্ট্র তিউনিসিয়ার পর মরক্কোতেও উদরাপন্থী ইসলামি দল ক্ষমতাসীন হবে।
শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে পিজিডি’র এই দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি মরক্কোর কর্তৃপক্ষ। শনিবার সরকারী ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তায়িব চেরকাউয়ি ।
চলতি বছর মরক্কোর বাদশা মোহম্মদ দেশে গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে শাসন ব্যবস্থায় কিছু সংস্কার করেন। প্রতিবেশী আরব দেশগুলোর গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে মরক্কোবাসী আন্দোলন শুরু করলে রক্তক্ষয়ী বিদ্রোহ এড়াতে তিনি এ পদক্ষেপ নেন।
অর্থনীতি, নিরাপত্তা ও ধর্মীয় বিষয়ে সর্বোচ্চ কর্তৃত্ব নিজের হাতে রেখে বাকী ক্ষমতা তিনি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়ার ঘোষণা দেন।
পিজিডির দ্বিতীয় শীর্ষ নেতা লাহসিন দাউদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সারাদেশের নির্বাচনী কেন্দ্রগুলো থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে আমরা জয়ী হয়েছি। আমরা রাবাত, ক্লাসাব্লাঙ্কাসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে বিজয়ী হয়েছি। আমাদের দল সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছে।”
৩ কোটি ৩০ লাখ অধিবাসী অধ্যুষিত মরক্কোয় ১ কোটি ৩৬ লাখ রেজিস্ট্রার্ড ভোটার রয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী চেরকাউয়ি ।
শুক্রবারের ওই নির্বাচনে পিজিডির সাথে রাজপরিবারের ঘনিষ্ঠ নবগঠিত উদারপন্থী জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আগেই ধারণা করা হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩৫ ঘ.
bdnews24