ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান জনসমক্ষে তার সম্পদের হিসাব প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার এক জনসভায় ইমরান খান তার সম্পদের হিসাব দেওয়ার পাশাপাশি আয় ও আয়করের খতিয়ানও প্রকাশ করবেন বলে পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন জানায়।
ইমরান জানান, তিনি পাকিস্তানের রাজনীতিতে এই ধারা প্রচলন করতে চান। তিনি বলেন, “আমি এক সপ্তাহের মধ্যেই আমার সম্পদের হিসাব সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরব।”
তিনি আরো বলেন, দেশের সব রাজনীতিকেরই উচিৎ এই উদাহরণ অনুসরণ করা। কেননা একটি দেশের জনগণের সম্পদের যথাযথ তথ্য সংরক্ষিত না থাকলে এবং কর না দিলে এর উন্নয়ন সম্ভব হবে না।
পিটিআই প্রধান ইমরান বলেন, যদি তিনি সরকার গঠন করতে সক্ষম হন তবে তিনি কখনোই বিদেশি ঋণ বা অনুদান গ্রহণ করবেন না। তিনি চেষ্টা করবেন দেশজ সম্পদ ব্যবহার করে সনির্ভর হতে।
ইমরান ঘোষণা দেন, তার দল থেকে মনোনয়ন নিতে হলে প্রার্থীকে অবশ্যই তাদের সম্পদের হিসাব পার্টির কাছে দাখিল করতে হবে।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, গত তিন বছর ধরেই তিনি জঙ্গিবাদ সমস্যা সমাধানে তালেবানের সাথে সমঝোতা করার জন্য অনুরোধ চালিয়ে আসছেন।
তিনি বলেন, আমেরিকাও উপলব্ধি করতে পেরেছে, সেনা অভিযান চালিয়ে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করা সম্ভব নয়, তালেবানের সাথে সমঝোতাই এ থেকে উত্তরণের পথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৪ ঘ.
bdnews24