২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ১২ ‘সিআইএ চর’ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ১২ জন চরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ১২ জন চরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। বিবিসি’র খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী ও এর পরমাণু প্রকল্পে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি এবং কখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাও জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানায়, গ্রেপ্তারকৃতরা ইসরায়েলের মোসাদ ও অন্যান্য আঞ্চলিক গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করতো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে পারমাণবিক অস্ত্র তৈরিতে অনেক দূর এগিয়েছে ইরান, যদিও ইরান প্রথম থেকেই এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। ইরানের প্রভাবশালী আইনপ্রণেতা পারভেজ সোরোউরি বলেন, ইরানকে ভেতর ও বাইরে থেকে বিপাকে ফেলতে যুক্তরাষ্ট্র ও ইহুদি গোয়েন্দারা আঞ্চলিক সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু গোয়েন্দা বিভাগের কর্মকতাদের ত্বরিত পদক্ষেপের কারণে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে। লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে সিআইএ’র এক গুপ্তচর চক্রের সন্ধান পাওয়ার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে প্রকাশ হওয়ার পরই ইরান এ দাবি করলো। হিজবুল্লাহর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তার ওই প্রতিবেদনে বলা হয়, লেবাননে বেশ কয়েকজন গোয়েন্দার পরিচয় প্রকাশ হয়েছে এবং তাদের জীবন হুমকির মুখে। গত মে মাসে ইরানে সিআইএ’র আরেকটি গোয়েন্দা চক্রের সদস্য দাবি করে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। ইরানের দাবি, ইরানিদেরকে চর হিসাবে নিযুক্ত করার কাজে মালয়েশিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে কেন্দ্র করে সক্রিয় ছিলো চক্রটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৫৫ঘ.