ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন থেকে পাওয়া এক প্রাচীন মানুষের মাথার খুলিতে আঘাতের চিহ্ন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি আঘাতের এই চিহ্নটি এ যাবৎ প্রাপ্ত মানব সহিংসতার প্রাচীনতম নমুনা।
বিভিন্ন দেশের বিজ্ঞানীদের নিয়ে গঠিত আন্তর্জাতিক একটি গবেষক দল স¤প্রতি খুলিটি পরীক্ষা করে এ দাবী জানিয়েছেন।
আঘাতপ্রাপ্ত ওই খুলির মালিক দেড়লক্ষ থেকে দুলক্ষ বছর আগে জীবিত ছিলেন বলে বিজ্ঞানীদের ধারণা।
প্রাচীন ওই মানবের মাথার খুলির ডানপাশে ভোতা কোন কিছুর আঘাত লেগেছিলো। তাতে খুলির ওই অংশটি দেবে গেলেও তা ফেটে (ব্লান্ট ফোর্স ট্রমা) যায়নি। কোন নিক্ষিপ্ত বস্তুর আঘাতে এমন হয়েছিলো বলে মনে করেন বিজ্ঞানীরা।
পাথরের কোন টুকরা জোরে আঘাত করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে বিবিসি নিউজকে জানান তারা।
তবে লক্ষ বছর পরবর্তী প্রজন্মের কাছে প্রাচীন সহিংসতার কাহিনীটি প্রকাশ পাওয়ার জন্যই হয়তো খুলির ওই আঘাত মানুষটির মৃত্যুর আগেই সেরে যায়।
গবেষকদলের সদস্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক ট্রিংকাস বলেন, “ধাক্কা লেগে আঘাত পাওয়া বা ভেঙে যাওয়ার অনেক প্রাচীন ঘটনা আছে, ট্রমারও ঘটনা আছে। কিন্তু এই প্রথম আমরা এমন কিছু পেলাম যা বিশ্লেষণ করে মনে হচ্ছে এটা অন্য কারো সচেতন আঘাতের ফল।”
মাথার এই খুলিটি ১৯৫৮ সালে চীনের দক্ষিণাঞ্চলের মাবা এলাকা থেকে উদ্ধার করা হয়। শিকারী ওই প্রাচীন মানুষটি নারী না পুরুষ ছিলো তা অবশ্য জানা যায়নি।
শিকারি ওই মানুষটির আঘাত কি কোন পশু শিকারের সময় ঘটা দূর্ঘটনা?
প্রফেসর ট্রিংকাস মনে করেন, এমন সম্ভবনা পুরোপুরি বাতিল করা না গেলেও আঘাতের ধরন অন্য কিছু বলে। বিশেষ করে আঘাতটি করা হয়েছে সরাসরি এবং মাথার এমন একটি জায়গায় যেখানে সচরাচর পশুর লাথির আঘাত বা শিংয়ের গুতা লাগে না।
তার চেয়ে অন্য কারো নিক্ষিপ্ত কোন বস্তুর আঘাত হিসেবে বিবেচনা করলে বিষয়টি অনেক স্বাভাবিক মনে হয়, বলেন ট্রিংকাস।
আর তাই এটিই হয়তো মানুষের সহিংসতার ইতিহাসে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন নমুনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.
bdnews24