২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যয়সঙ্কোচনের বিরুদ্ধে পর্তুগালে ধর্মঘট

পর্তুগালে সরকারের ব্যয় সঙ্কোচন পরিকল্পনার প্রতিবাদে ধর্মঘট চলছে। বন্ধ হয়ে গেছে কল-কারখানা, বিমান ও যান চলাচল। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

পতুর্গাল, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্তুগালে সরকারের ব্যয় সঙ্কোচন পরিকল্পনার প্রতিবাদে ধর্মঘট চলছে। বন্ধ হয়ে গেছে কল-কারখানা, বিমান ও যান চলাচল। লিসবন পাতাল রেলের কর্মী ও বিমান চলাচল নিয়ন্ত্রকরা বুধবার রাতে প্রথম ধর্মঘটে নামে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে। বৃহস্পতিবার তাদের সঙ্গে যোগ দিয়েছে শিক্ষক ও হাসপাতালের কর্মীরাসহ অন্যান্য খাতের আরো হাজার হাজার কর্মী। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেইল আউট পরিকল্পনার আওতায় আগামী সপ্তাহে পর্তুগালের পার্লামেন্টে ঘাটতি কমানোর ওপর ভোট হওয়ার কথা রয়েছে। কর বাড়ানো এবং স্বাস্থ্য ও সশস্ত্র বাহিনীসহ জনসেবার পরিসর কমানোর প্রস্তাব রয়েছে পর্তুগীজ সরকারের ব্যয় সঙ্কোচন পরিকল্পনায়। সেইসঙ্গে সরকারি কর্মচারীদের ক্রিসমাস ও অন্যান্য ছুটির বোনাস বাদ দেওয়া এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের কোনো রকম ভাতা ছাড়াই অতিরিক্ত ৩০ মিনিট কাজের অনুমতি দেয়ারও পরিকল্পনা করেছে সরকার। ৭ হাজার ৮শ’ কোটি ইউরোর বেইল আউট তহবিল নেওয়ার জন্য বেঁধে দেওয়া শর্ত পূরণ করতে পর্তুগাল সরকারকে উল্লেখযোগ্য পরিমাণে ঘটতি কমাতে হবে। প্রধানমন্ত্রী পেদ্রো পাসোস কোয়েলো বলছেন, ঘাটতি কমাতে ব্যয় সঙ্কোচন করা ছাড়া সরকারের কোনো উপায় নেই। পর্তুগালের ১২ শতাংশেরও বেশি কর্মক্ষম মানুষ বেকার। এ পরিস্থিতিতে সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন পরিকল্পনার প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। পর্তুগালের ইতিহাসে এটি অন্যতম বড় ধর্মঘট। দেশটির প্রধান দুটি শ্রমিক ইউনিয়নের সমর্থনে এ ধর্মঘট হচ্ছে। ইউনিয়ন দুটি ১০ লাখেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৮ঘ.