২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ‘নিরাপদ অঞ্চল’ তৈরির আহ্বান ফ্রান্সের

সিরিয়ার ‘বেসামরিক জনগণকে রক্ষায় একটি নিরাপদ অঞ্চল’ গড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

আম্মান/প্যারিস, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার ‘বেসামরিক জনগণকে রক্ষায় একটি নিরাপদ অঞ্চল’ গড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে। সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভ দমনাভিযানে এই প্রথম কোনো দেশ আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানালো। চলতি বছর মার্চ থেকে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে সরকারি বাহিনী। বিক্ষোভকারীদের ওপর এ দমনাভিযানের দায়ে সিরিয়াকে বহিষ্কার করেছে আরব লীগ। জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনাভিযানে এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। সিরিয়ার নির্বাসিত বিরোধী দল ‘ন্যাশনাল কাউন্সিল’ কে বৈধ অংশীদার হিসেবে উল্লেখ তাদের সঙ্গে কাজ করতে চেয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। আসাদ বিরোধীদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন। বিরোধী দল এসএনসি’র প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সিরিয়ায় মানবিক সহায়তার জন্য করিডোরের ব্যবস্থা করা যেতে পারে কিনা জানতে চাওয়া হলে জবাবে জুপে ‘বাফার জোন’ সৃষ্টির জন্য দেশটির উত্তরাঞ্চলে সামরিক হস্তক্ষেপের বিষয়টি নাকচ করে দেন। তবে বেসামরিক নাগরিকদের রক্ষা করা ও মানবিক সহায়তা দেয়ার জন্য একটি ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করা যেতে পারে বলে জানান তিনি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বেসামরিক লোকদের রক্ষায় নিরাপদ অঞ্চল তৈরির জন্য মানবিক দিক বিবেচনা করা হলে এমন একটি প্রশ্ন দেখা দেবে যা একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের পর্যালোচনার প্রয়োজন হবে।” ওদিকে, ফ্রান্সের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানবাধিকার লঙ্ঘন বন্ধে সিরিয়াকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো আগ্রহ দেখায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/এলকিউ/১৬০৩ঘ.