কায়রো শান্ত, ভোট আগামী সপ্তাহেই
মিশরের রাজধানী কায়রোয় সংঘর্ষ থেমেছে। আপাতত শান্ত হয়ে এসেছে পরিস্থিতি। ভোট নির্ধারিত সময়ানুযায়ী আগামী সপ্তাহেই হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ভিডিও
কায়রো, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় সংঘর্ষ থেমেছে। আপাতত শান্ত হয়ে এসেছে পরিস্থিতি। ভোট নির্ধারিত সময়ানুযায়ী আগামী সপ্তাহেই হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এর আগে সামরিক শাসনাবসানের দাবিতে কায়রোর তাহরির স্কয়ারে ষষ্ঠদিনের মতো পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ চলতে থাকায় ২৮ নভেম্বরে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়।
কিন্তু বুধবার রাতে দুপক্ষের মধ্যে লড়াইয়ের বিরতিতে পরিস্থিতি শান্ত হয়েছে। তবে সেনাবাহিনী ক্ষমতা না ছাড়া পর্যন্ত জনতা তাহরির স্কয়ারে অবস্থান করার সংকল্প নিয়েছে।
সহিংসতা ঠেকাতে যথাসম্ভব সবকিছু করার চেষ্টা করছে ক্ষমতাসীন সেনা পরিষদ। এক বিবৃতিতে তারা এ পর্যন্ত বিক্ষোভ-সংঘর্ষে নিহতের ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্র“তি দিয়েছে।
সেনা পরিষদের এক সদস্য জেনারেল মামদু শাহীন এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “পার্লামেন্ট নির্বাচনের প্রথম পর্ব শুরু হবে সোমবার। চলবে সময়মতোই। আমরা নির্বাচনে দেরী করবো না। এটাই শেষ কথা।”
সেনা পরিষদের আরেক সদস্য মেজর জেনারেল মোক্তার আল মোল্লা তাহরির স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের কথা উল্লেখ করে বলেন, তাদের মতামতকে আমাদের মূল্য দিতে হবে।
তিনি বলেন, সেনাবাহিনী সোমবারের আগেই প্রধানমন্ত্রী এশাম শরফের মন্ত্রিসভার স্থলে নতুন একটি সরকার গঠন করতে চায়। সহিংসতা চলার মধ্যে কোনো কারণ না জানিয়েই মিশরের মন্ত্রিসভা এ সপ্তাহে পদত্যাগ করে।
তাহরির স্কয়ারের বিক্ষোভকারীরা জানিয়েছে, বুধবার মধ্যরাত থেকে দুপক্ষে সংঘর্ষ থেমেছে। রাত ১ টা থেকে আর কোনো সংঘর্ষ হয়নি।
তবে বিক্ষোভকারীরা এখনো রাস্তা অবরোধ করে রাখার চেষ্টা করছে। পাশাপাশি দাঁড়িয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখী রাস্তা বন্ধ করেছে। বিক্ষোভকারীদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে তাদের ওপর নজর রেখেছে নিরাপত্তা বাহিনী।
তবে দেশের অন্যান্য কয়েকটি জায়গায় সহিংসতা এখনো চলছে বলে খবর পাওয়া গেছে। সুয়েজ খালের ইসমাইলিয়ার মতো শহরগুলোতে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। এ জায়গাগুলোয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় এখনো কাটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২০ঘ.
