ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পাটনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত একটি কলেজে শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে বরখাস্ত হওয়া এক অধ্যাপককে পাঁচ বছর পর পুনর্বহাল করা হয়েছে।
বুধবার বিহারের গভর্নর বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদাধিকার বলে বিএন কলেজের হিন্দি ভাষার অধ্যাপক মটুক নাথ চৌধুরীকে পুনর্বহাল করেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
‘লাভগুরু’ নামেই বেশি জনপ্রিয় অধ্যাপক চৌধুরী জানান, দীর্ঘ পাঁচবছর পর নিজের কর্মস্থলে যোগ দিতে গেলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
তিনি বলেন, অবশেষে ন্যায় বিচারের জন্য আমার কঠোর পরিশ্রম সফল হওয়ায় আমি উৎফুল্ল। এসময় আমার সঙ্গে যারা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে কারো প্রতি কোনো ক্ষোভ নেই আমার।
কলেজের শিক্ষার্থী জুলির সঙ্গে সম্পর্ক থাকায় ২০০৬ সালে অসদাচারণের অভিযোগে অধ্যাপক চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ২০০৯ সালে তাকে তার পদ থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।
বরখাস্তের ওই আদেশের বিরুদ্ধে পাটনা হাই কোর্টে আবেদন করেন অধ্যাপক চৌধুরী। আবেদনটি গভর্নর বরাবর পাঠানো হলে তাকে পদাধিকার বলে পুনর্বহাল করেন গভর্নর দেবানন্দ কানওয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.
bdnews24