২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় সংঘর্ষ অব্যাহত, নির্বাচন স্থগিতের সম্ভাবনা

বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) আন্দোলনরত বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ষষ্ঠদিন রাত পর্যন্ত অব্যাহত ছিলো। এ পরিস্থিতিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 06:07 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

কায়রো, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) আন্দোলনরত বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ষষ্ঠদিন রাত পর্যন্ত অব্যাহত ছিলো। এ পরিস্থিতিতে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বুধবার রাতেও উন্মত্ত বিক্ষোভকারীদের লক্ষ করে অবিরাম কাঁদুনে গ্যাস ছোঁড়ে পুলিশ। কায়রোর স্বাধীনতা চত্বরের আশপাশের বিভিন্ন অন্ধকার গলিতে শত শত তরুণ বিক্ষোভকারী প্রচন্ড কাশির দমক ও ঘন ঘন শ্বাস নিয়ে কাঁদুনে গ্যাসের তীব্র আক্রমণ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিলো। এ অবস্থায় আর মাত্র তিনদিন পর ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আল এসাবি পরিস্থিতি বিবেচনায় পার্লামেন্ট নির্বাচন স্থগিত করার জন্য ক্ষমতাসীন সেনা পরিষদের কাছে এক প্রতিবেদন জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার এক অনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আল জাজিরা টেলিভিশন। গত শনিবার থেকে শুরু হওয়া সেনাশাসনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সেনাশাসকরা দ্রুত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট নির্বাচন ছয় মাস এগিয়ে এনে জুনে করার প্রস্তাব দিলেও তা মেনে নেয় নি আন্দোলনকারীরা। তারা এখনই সেনাশাসনের অবসান চায়। সোমবার অনুষ্ঠিতব্য ওই পার্লামেন্ট নির্বাচন মিশরে গত কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম অবাধ নির্বাচন ছিলো। সেনাবাহিনী ও মুসলিম ব্রাদারহুড দল চায় নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অধিকাংশ আন্দোলনকারী নির্বাচন তদারককারী হিসেবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে পারছে না। তাদের ভয় সেনা তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে যারাই বিজয়ী হবে তাদের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতেই থাকবে। সেনাবাহিনী ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে, ধারণা আন্দোলনকারীদের। তাই তারা যে কোন ধরনের নির্বাচনের আগেই বেসামরিক সরকারের হাতে ক্ষমতার হস্তান্তর চায়। তাই ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাবি প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আনা ও নতুন একটি অন্তবর্তী সরকার গঠনের প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। এ বিষয়ে আহমেদ এসাম (২৩) নামের এক আন্দোলনকারী বলেন, “সামরিক পরিষদকে অবশ্যই যেতে হবে। সামরিক পরিষদ তাদের দুর্নীতি প্রকাশ হওয়ার ভয়ে ক্ষমতা ধরে রাখতে চায়।” “সবকিছু মোবারক আমলের মতোই আছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৪ ঘ.