ত্রিপোলি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের বিচার দেশের মাটিতেই করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে আইসিসি’র আইনজীবী লুইস মরেনো-ওকাম্পো বলেন, বিচার পদ্ধতি ঠিকঠাক থাকলে গাদ্দাফির আটক ছেলে সাঈফের বিচার লিবিয়াতেই করা যেতে পারে। আর তা করাটা খুবই গুরুত্বপূর্ণ।
চলতি বছর সাঈফ আল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। লিবিয়ায় গাদ্দাফি বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনাভিযানে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওকাম্পো সাংবাদিকদের বলেন, “আমার কথা, আইসিসি’র কথা হচ্ছে বিচার পদ্ধতি যেনো সন্দেহভাজনকে রক্ষার উদ্দেশ্যে না হয়।”
সাঈফের পাশাপাশি গাদ্দাফি আমলের গোয়েন্দাপ্রধান আব্দুল্লাহ আল সেনুসির বিচারও লিবিয়ায় করার কথা বলেন ওকাম্পো।
তিনি আরো বলেন, “লিবিয়ায় সংঘটিত অপরাধের বিচার লিবিয়ায় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটাই স্মানজনক এবং এমন হওয়াই বাঞ্ছনীয়। এতে আমার বলার কিছু নেই। আমি এ মামলা লড়ছি না।”
ওকাম্পো বলেন, “আইসিসি বিচার করুক এ সিদ্ধান্ত লিবিয়া নিতে পারে। কিন্তু তারা তা করার সিদ্ধান্ত নেয়নি সেটা ঠিক আছে। তাদের অধিকার আছে বিচার করার।”
শনিবার সাহারা মরুভূমি থেকে কয়েকজন দেহরক্ষীসহ সাঈফকে গ্রেপ্তার করা হয়। এক দিন পরে গাদ্দাফির গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনুসিকে গ্রেপ্তারের কথাও নিশ্চিত করে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৬ঘ.
bdnews24