২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার নতুন অন্তর্বর্তী মন্ত্রিসভার নাম ঘোষণা

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে। ঘোষিত মন্ত্রিসভায় প্রথমবারের মতো এনটিসির এক ব্রিগেড কমান্ডারকে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ত্রিপোলি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছে। ঘোষিত মন্ত্রিসভায় প্রথমবারের মতো এনটিসির এক ব্রিগেড কমান্ডারকে নিয়োগ দেয়া হয়েছে। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুলরহিম আল কিব সোমবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন বলে আল জাজিরা জানায়। ত্রিপোলিতে জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইসের সাথে এক বৈঠকে মিলিত হওয়ার কয়েক ঘন্টা পরেই আব্দুলরহিম মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। ঘোষিত মন্ত্রিসভা সদস্যদের মধ্যে জিনতান ব্রিগেডের কমান্ডার ওসামা আল জুয়ালিকে প্রতিরক্ষামন্ত্রী, আলি তারহৌনিকে অর্থমন্ত্রী এবং ইব্রাহিম দাব্বাসিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে আলি তারহৌনি বিদায়ী মন্ত্রিসভাতেও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে পুননিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। গত সপ্তাহে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে গ্রেপ্তার করে ওসামা আল জুয়ালির জিনতান ব্রিগেডের যোদ্ধারাই। এর আগে গত অগাস্টে লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলেও নেতৃত্ব দেয় জিনতান ব্রিগেড। আর ইব্রাহিম দাব্বাসি জাতিসংঘে লিবিয়ার উপরাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। একটি তেল কোম্পানির শীর্ষ এক নির্বাহীকে তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জানা গেলেও তার নাম জানা যায় নি। ঘোষিত নতুন মন্ত্রিসভায় ধর্মনিরপেক্ষ উদারবাদীদের প্রাধান্য রয়েছে বলে জানা গেছে। জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত এ মন্ত্রিসভা লিবিয়ার অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। তবে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নিয়োগ নিয়ে এনটিসির একটি অংশের দ্বিমত আছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এনটিসির এক সূত্র জানিয়েছে। তাই ঘোষিত মন্ত্রিসভার নিয়োগ প্রথমে অনুমোদন করলেও বিষয়টি নিয়ে এনটিসি সদস্যরা আবার আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছে ওই সূত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৭ ঘ.